‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার ডাক: বঙ্গবাসীকে আবেগঘন খোলা চিঠি প্রধানমন্ত্রীর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যবাসীর উদ্দেশে এক আবেগঘন খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার পয়লা বৈশাখের পুণ্যলগ্নে মা কালীকে স্মরণ করে এবং বাংলার সংস্কৃতিকে কুর্নিশ জানিয়ে এই চিঠিটি প্রকাশ করেছেন তিনি। চিঠিতে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার লক্ষে এক নতুন নবজাগরণের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠির মূল বক্তব্য: ‘ভয় বনাম ভরসার লড়াই’
প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে বাংলার বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের নয়, বরং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। চিঠির প্রধান দিকগুলি হলো-
নবজাগরণের সংকল্প: মোদি লিখেছেন, “আসুন এই নববর্ষের দিনে আমরা সবাই মিলে নবজাগরণের সংকল্প গ্রহণ করি। আমরা এমন এক বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলব, যেখানে গরিবের মাথার ওপর ছাদ থাকবে এবং যুবসমাজকে কাজের খোঁজে ভিন রাজ্যে যেতে হবে না।”
নিরাপত্তার আশ্বাস: বাংলার মা-বোনেদের নিরাপত্তা নিয়ে সরব হয়ে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলারা নির্ভয়ে এবং নিরাপদে বাড়ির বাইরে বের হতে পারবেন।
১৫ বছরের ‘অপশাসন’: তৃণমূল সরকারের বিগত ১৫ বছরের শাসনকালকে ‘বিশৃঙ্খলা ও দুর্নীতি’র সময়কাল হিসেবে অভিহিত করেছেন মোদি। তাঁর দাবি, রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর চরম আঘাত হানা হয়েছে।
ভারাক্রান্ত মন: পশ্চিমবঙ্গবাসীর বর্তমান দুঃখ-কষ্ট ও বেদনা দেখে তাঁর মন ব্যথিত বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বাংলার কৃষ্টি ও অধিকার রক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার আর্জি জানান।
‘ডবল ইঞ্জিন’ সরকারের স্বপ্ন
মোদি তাঁর চিঠিতে স্পষ্ট করেছেন যে, কেন্দ্রে বিজেপি সরকার থাকার পাশাপাশি রাজ্যেও যদি বিজেপি সরকার আসে, তবে দেশের উন্নয়নের জোয়ারে বাংলাও সামিল হতে পারবে। তিনি একে ‘পরিবর্তনের সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখছেন।
রাজনৈতিক তাৎপর্য
পয়লা বৈশাখের দিনে মোদির এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। একদিকে যখন বাংলায় ভোট প্রচার তুঙ্গে, তখন মোদির এই ‘আবেগ ও অধিকারের’ কার্ড ভোটারদের মন কতটা জয় করতে পারে, সেটাই এখন দেখার। প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন যে, পশ্চিমবঙ্গের মানুষ এবার পরিবর্তনের পথে হেঁটে বিজেপির ওপরই ভরসা রাখবেন।
