আজকের দিনেবিশ্ব

ইজরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রে ‘ধন্যবাদ ভারত’! চরম যুদ্ধের আবহে বন্ধুত্বের বার্তা তেহরানের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,তেহরান: পশ্চিম এশিয়ায় যুদ্ধের ভয়াবহতা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে আন্তর্জাতিক সমীকরণের নতুন রূপ। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার মোকাবিলায় লড়তে থাকা ইরান এবার অভিনব পন্থায় কৃতজ্ঞতা প্রকাশ করল ভারতের প্রতি। ইজরায়েল অভিমুখে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্রের গায়ে ইংরাজিতে লেখা বার্তা নজর কেড়েছে বিশ্বের— ‘থ্যাঙ্ক ইউ পিপল অফ ইন্ডিয়া’ (ভারতের জনগণকে ধন্যবাদ)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি ডিজিটাল ডেস্ক) দেখা গিয়েছে, ইজরায়েলের দিকে ধেয়ে যাওয়ার জন্য প্রস্তুত ৮৩ নম্বর মধ্যপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের গায়ে পরম মমতায় কলম চালাচ্ছেন এক ইরানি সেনা। সেখানে ভারতের পাশাপাশি স্পেন, জার্মানি এবং এমনকি পাকিস্তানের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। কঠিন সময়ে যে সমস্ত দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে বা বন্ধুত্বের হাত বাড়িয়েছে, তাদের এভাবেই কুর্নিশ জানাল আয়াতোল্লা আলি খামেনেইর দেশ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইজরায়েলের বিধ্বংসী হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় তেহরান-সহ একাধিক অঞ্চল। সেই হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই অপূরণীয় ক্ষতির বদলা নিতেই বর্তমানে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার সেনাঘাঁটি ও ইজরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র বৃষ্টি করছে ইরান। দুই মহাশক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে এই অসম যুদ্ধে ইরান আর্থিকভাবে ও সামরিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত। তাসত্ত্বেও ভারতের মতো দেশগুলোর নৈতিক সমর্থন বা কূটনৈতিক অবস্থানের প্রতি সম্মান জানিয়ে এই ‘মিসাইল বার্তা’ পাঠাল তারা। ইরানের এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে, যুদ্ধের ময়দানেও তারা তাদের বন্ধুদের ভুলে যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *