চালসার চার্চ থেকে ভোটের প্রচার শুরু মমতার
কিউ ইন্ডিয়া বাংলা,জলপাইগুড়ি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই উত্তরবঙ্গ থেকে জনসংযোগ ও প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ির চালসার বাতাবাড়ি মহাবারি চার্চের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বাংলার সম্প্রীতির বার্তা দেন। এই প্রথম রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী চালসার এই চার্চে পা রাখলেন। চার্চের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তিনি জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী নন। তাঁর কথায়, “বাংলায় সকল ধর্মের সমান সম্মান ও জায়গা আছে। উৎসব-পার্বণে বাংলার মানুষ একজোট হয়ে মেতে ওঠে।” এদিন চার্চে পৌঁছে ফাদারের সঙ্গে কুশল বিনিময় করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও সরাসরি কথা বলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, চার্চের এই অনুষ্ঠান থেকেই কার্যত বিধানসভা নির্বাচনের প্রচার ও জনসংযোগের কাজ শুরু করে দিলেন তৃণমূল নেত্রী। চালসা এলাকাটি মূলত উত্তরবঙ্গের চা বলয়ের অন্তর্গত। এদিন মুখ্যমন্ত্রী আদিবাসী নৃত্যের তালে ধামসা-মাদলের অভিবাদন গ্রহণ করেন এবং নিজেও প্রার্থনা সঙ্গীতে গলা মেলান। এলাকার চা শ্রমিকদের সঙ্গে দেখা করে তাঁদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা মন দিয়ে শোনেন তিনি।
বর্তমানে নির্বাচনী আচরণবিধি চালু থাকায় কোনো বড় ঘোষণা করা সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রী এদিন জানান: “বর্তমানে গুড ফ্রাইডে-তে সরকারি ছুটি নেই। তবে পরবর্তী সময়ে আমরা ক্ষমতায় এলে এই দিনটিতে ছুটির বিষয়ে ইতিবাচক ভাবনাচিন্তা করা হবে।”
