‘জয় শ্রীরাম’ লিখলেন প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই তপ্ত বাংলার রাজনীতি। আর এই আবহেই টলিপাড়ার ‘ফার্স্ট ফ্যামিলি’র অন্দর থেকে এল এক ইঙ্গিতপূর্ণ বার্তা। রবিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিলেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (মিশুক)। ছবির ক্যাপশনে তাঁর মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ ধ্বনি, যা ঘিরে এখন তুঙ্গে তাঁর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জল্পনা।
তৃষাণজিতের পোস্ট করা ছবিটি আসলে গত ৭ ফেব্রুয়ারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির পর তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সময় অভিনেতার হাতে রামলালার প্রতিকৃতি তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি নেতা। সেই বিশেষ মুহূর্তেই বাবা এবং সুকান্ত মজুমদারের মধ্যমমণি হয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন মিশুক। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ঠিক পরেই সেই পুরানো ছবি পোস্ট করাকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা।
সেই সময় অবশ্য রাজনৈতিক যোগের কথা উড়িয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছিলেন- ”প্রসেনজিৎদার বাড়িতে আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজনীতি থাকা উচিত নয়। তিনি বাংলা সিনেমার শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন, তাঁর এই অবদানের জন্যই কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্ম সম্মানে ভূষিত করেছে। আমরা শুধু তাঁকে সংবর্ধনা জানাতে এসেছি।”
তৃষাণজিতের এই পোস্টের পর নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছে। একদিকে যেমন তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ফিসফাস চলছে, অন্যদিকে নেটিজেনদের একাংশ তারকাপুত্রের এই স্বাধীন রাজনৈতিক মতাদর্শের বহিঃপ্রকাশকে সাধুবাদ জানিয়েছেন। তবে এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত প্রসেনজিৎ বা তৃষাণজিৎ—কারও তরফেই সরাসরি কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভোটের বাদ্যি বাজার পরেই এই ‘রাম নাম’ কি তবে টলিউডে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত? উত্তরের অপেক্ষায় এখন বাংলার রাজনৈতিক ও বিনোদন মহল।
