আজকের দিনেতিলোত্তমাভারত

রাষ্ট্রপতির প্রাতঃরাশে যোগ দিয়ে ফের বিতর্কে সৌগত রায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়া দিল্লিঃ- রমজান মাসের কারণ দেখিয়ে যেখানে তৃণমূলের অধিকাংশ সাংসদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রাতঃরাশের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন, সেখানে উলটো পথে হাঁটলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রাতঃরাশে যোগ দেন তিনি। রাষ্ট্রপতি নিজেই তাঁর X (সাবেক টুইটার) হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল।
​সম্প্রতি রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহ তৈরি হয়েছিল। আদিবাসী উন্নয়নে রাজ্যের কাজের খতিয়ান তুলে ধরতে তৃণমূলের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য দু’বার সময় চাইলেও তা মেলেনি। পরিবর্তে সাংসদদের প্রাতঃরাশে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমূল হক চিঠি লিখে জানান যে, রমজান মাস চলায় এবং অধিকাংশ সাংসদ রোজা রাখায় এই প্রাতঃরাশে যোগ দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। তাঁরা ঈদের পর সাক্ষাতের প্রস্তাব দেন।
​দলের এই আনুষ্ঠানিক অবস্থানের পর সৌগত রায়ের রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হওয়াকে ভালো চোখে দেখছে না ঘাসফুল শিবিরের একাংশ। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেন তিনি এই প্রাতঃরাশে যোগ দিলেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তারকা সাংসদ শতাব্দী রায় সাফ জানিয়েছেন, “সৌগত রায়ের এই পদক্ষেপ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা দলই নেবে।” এই সুযোগ হাতছাড়া করেনি বিজেপি। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা টিপ্পনি কেটে বলেন, “মনে হচ্ছে সৌগতবাবু আর দলের কথা শুনছেন না।”
​এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য বা দলীয় অবস্থানের বাইরে কাজ করে দলকে অস্বস্তিতে ফেলেছেন দমদমের সাংসদ। এই ঘটনায় এখনও তাঁর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে এই ঘটনা তৃণমূলের অন্দরে শৃঙ্খলার প্রশ্নে বড়সড় অস্বস্তি তৈরি করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *