আজকের দিনেবাংলার আয়না

বিবাদের জেরে স্বামীকে খুনের চেষ্টা স্ত্রীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ক্যানিংঃ- সামান্য সাংসারিক অশান্তি যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, তার সাক্ষী থাকল ক্যানিংয়ের উত্তর অঙ্গদবেরিয়া গ্রাম। তুচ্ছ ঝগড়ার জেরে নিজের স্বামীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বর্তমানে আক্রান্ত যুবক কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম হযরত লস্কর। গত এক বছর ধরে তিনি ক্যানিং থানার উত্তর অঙ্গদবেরিয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে থাকছিলেন। শুক্রবার রাতে কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে হযরতের সঙ্গে তাঁর স্ত্রীর বচসা শুরু হয়। ঝগড়া চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে স্ত্রী একটি ধারাল অস্ত্র দিয়ে স্বামীর পেটে কোপ বসিয়ে দেন বলে অভিযোগ। ​আশ্চর্যজনক বিষয় হলো, ঘটনার পর হযরতকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি। রক্তাক্ত অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে তিনি নিজেই কোনোক্রমে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছান। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। কিন্তু ক্ষত অত্যন্ত গভীর হওয়ায় হযরতের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। প্রাথমিক চিকিৎসার পর রাতেই চিকিৎসকরা তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
এই ঘটনায় হযরতের পরিবার ইতিমধ্যেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। পুলিশ অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে।
​ এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। ​সামান্য কারণে এমন রক্তক্ষয়ী পরিণতিতে আতঙ্কিত প্রতিবেশী ও পরিজনরা। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন হযরতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *