সাইবার প্রতারণা, APK ফাঁদে ৫.৩ লক্ষ খোয়া, তদন্তে কলকাতা পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা :- সাইবার প্রতারণার নতুন ফাঁদে পড়লেন কলকাতার বেহালার এক বাসিন্দা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) নাম ব্যবহার করে দুর্বৃত্তরা একটি এপিকে ফাইল পাঠায়, যার নাম ছিল SIR.apk। অভিযোগ, অজ্ঞাত নম্বর থেকে ফোনে ওই ফাইল পাঠিয়ে বলা হয় এতে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত তথ্য রয়েছে। ভুলবশত ফাইলটি খোলার সঙ্গে সঙ্গেই সেটি ফোনে ইনস্টল হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেন শুরু হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর অ্যাকাউন্ট থেকে একাধিক দফায় প্রায় ৫.৩ লক্ষ টাকারও বেশি তুলে নেওয়া হয়েছে। তিনি বুঝতে পারেন, তাঁর অনুমতি ছাড়া টাকা যাচ্ছে তখনই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট ফ্রিজ করার অনুরোধ জানান এবং কার্ড ও ইউপিআই। পরিষেবা বন্ধ করেন। পাশাপাশি জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইনে অভিযোগও দায়ের করেছেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি বৃহত্তর সাইবার প্রতারণা চক্রের কাজ। দুর্বৃত্তরা সরকারি কর্মীর পরিচয় দিয়ে ওটিপি সংগ্রহ এবং ক্ষতিকর এপিকে পাঠিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল নিয়েছে। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা হয়েছে। তদন্তকারীরা এখন ফোনে আসা বার্তার উৎস, ম্যালওয়্যারের কার্যপদ্ধতি এবং টাকা যেসব অ্যাকাউন্টে গেছে সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন।
সাইবার নিরাপত্তা নিয়ে আগে থেকেই সতর্ক কলকাতা পুলিশ। নগরপাল দায়িত্ব নেওয়ার পর এই বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। লালবাজারে ২৪ ঘণ্টার সাইবার হেল্পলাইন চালু আছে—নম্বর 1800-245-0066। পুলিশের বক্তব্য, সাইবার অপরাধ দ্রুত বাড়ছে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে এবং অচেনা লিংক বা এপিকে ফাইল কখনোই না খোলার পরামর্শ দেওয়া হচ্ছে।
তদন্ত চলছে, এবং পুলিশ আশা করছে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হবে।
