আজকের দিনেতিলোত্তমা

শুভেন্দু হেনস্থা মামলায় কড়া বার্তা হাইকোর্টের, পুলিশের রিপোর্ট তলব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সিইও দফতরের সামনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে হেনস্থার মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে শুভেন্দুকে হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি, এই ঘটনায় যাঁরা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তাও জানাতে হবে আদালতকে।

শুক্রবারের শুনানিতে শুভেন্দুর আইনজীবী নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নের মুখে তোলেন। তাঁর বক্তব্য, সিইও দফতরের গেটের মুখ কার্যত বন্ধ করে কীভাবে বিক্ষোভের অনুমতি দেওয়া হল, তা নিয়ে সংশয় রয়েছে। আদালতের কাছে আবেদন জানানো হয়, ওই ভবনের ২০০ মিটারের মধ্যে যাতে কোনও বিক্ষোভ বা সভা না করা যায়, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হোক।

অন্যদিকে, রাজ্যের আইনজীবী আদালতে জানান, এই বিষয়ে তাঁরা রিপোর্ট দিতে প্রস্তুত। তবে তার জন্য ৫ মার্চ পর্যন্ত সময় চাওয়া হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্ট আপাতত বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়। পরবর্তী শুনানি হবে ৫ মার্চ।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরে ঢোকার মুখে বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। অভিযোগ, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং জুতো ছোড়া হয়। শুভেন্দুর দাবি, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সেই অভিযোগ নিয়েই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে এর আগেও হাইকোর্ট পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল। এদিন ফের একবার আদালত স্পষ্ট করে জানিয়ে দিল বিধানসভার বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *