ন’দিনে ৭৭ লক্ষ আবেদন, যুবসাথী ও স্বনির্ভর বাংলা শিবিরে উপচে পড়া ভিড়
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের তরুণ প্রজন্মের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে শুরু হওয়া নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়ায় মাত্র ন’দিনে আবেদন জমা পড়েছে প্রায় ৭৭ লক্ষ। বৃহস্পতিবার আবেদনের নির্ধারিত শেষ দিন হলেও বিপুল সাড়ার জেরে সময়সীমা বাড়ানো হতে পারে বলে নবান্ন সূত্রে ইঙ্গিত মিলছে।
চলতি বছরের রাজ্য বাজেটে ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়। ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারছেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ‘স্বনির্ভর বাংলা’ শিবিরের মাধ্যমেও আবেদন জমা নেওয়া হচ্ছে।
নবান্নের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট ৭৬ লক্ষ ৭৭ হাজার আবেদন জমা পড়েছে। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা থেকে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ,বাঁকুড়া,উত্তর ২৪ পরগণা ও পুরুলিয়া।
শুধু যুবসাথী নয়, ‘স্বনির্ভর বাংলা’ শিবিরেও ভিড় বাড়ছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পে নতুন করে আবেদন জমা পড়ছে বিপুল সংখ্যায়। অনেকেই জানাচ্ছেন, মাসিক আর্থিক সহায়তা ১৫০০ টাকা হওয়ায় বছরে ১৮ হাজার টাকার সুবিধা মিলছে। ফলে আগে যারা আবেদন করেননি, তাঁরাও এখন নতুন করে ফর্ম পূরণ করছেন। ভূমিহীন কৃষকরাও আর্থিক সহায়তা প্রকল্পে নাম লেখাচ্ছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে অর্থ রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেন। প্রাথমিকভাবে ১৫ আগস্ট থেকে প্রকল্প চালুর কথা বলা হলেও পরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১ এপ্রিল থেকেই প্রকল্প কার্যকর হবে। সেই অনুযায়ী ১৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা ধার্য করা হয়েছে।
রাজ্য সরকারের মতে, কর্মসংস্থানের অপেক্ষায় থাকা তরুণ প্রজন্মকে আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। আবেদনের সংখ্যা বলছে, প্রকল্পটি ইতিমধ্যেই রাজ্যের যুবসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
