আজকের দিনেবাংলার আয়না

সাঁইথিয়ায় রেললাইনের ধারে বোমা উদ্ধার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কাটোয়া–আজিমগঞ্জ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই রেল নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। শর্ট সার্কিট নাকি নাশকতা তা নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের সাঁইথিয়ায়। রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে একাধিক বোমা উদ্ধার হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনের অদূরে আপ লাইনের ধার ঘেঁষে একটি ধানজমিতে রাখা ছিল বোমাগুলি। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় রেল পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি ও সাঁইথিয়া থানার পুলিশ।

প্রাথমিকভাবে এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। পরে বম্ব স্কোয়াড ডেকে পাঠানো হয়। রাতের অন্ধকারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে প্রায় সাত থেকে আটটি বোমা উদ্ধার করা হয়। বিশেষজ্ঞদের তৎপরতায় সেগুলি নিষ্ক্রিয় করা হয়।
নিরাপত্তার স্বার্থে বোমা উদ্ধারের সময় সাময়িকভাবে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় কিছু সময়ের জন্য যাত্রীদের ভোগান্তিও হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে পরিষেবা চালু করা হয়।

এই ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। কী উদ্দেশ্যে এবং কারা বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রেললাইনের এত কাছাকাছি বিস্ফোরক মজুত থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই কাটোয়া–আজিমগঞ্জ রুটে চলন্ত ট্রেনে আগুন লাগে। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। পাশাপাশি মঙ্গলবার হাবড়া লোকাল ট্রেনের পিছনের মহিলা কামরার নীচের ব্যাটারি বক্সে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। যাত্রী ও রেলকর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পরপর এই ধরনের ঘটনায় পূর্ব রেলের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল কর্তৃপক্ষের দাবি, নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না এবং সবদিক খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তদন্ত এগোচ্ছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *