কাঁধে ব্যথা মানেই ফ্রোজ়েন শোল্ডার নয়! টেন্ডিনাইটিসে আরাম পেতে করুন এই ৩ যোগাসন …..
কিউ ইন্ডিয়া বাংলা -কাঁধে ব্যথা হলেই অনেকেই তা ফ্রোজ়েন শোল্ডার বলে ধরে নেন, কিন্তু সব কাঁধের ব্যথার কারণ এক নয়। খেলাধুলো করতে গিয়ে টান লাগা, হঠাৎ আঘাত পাওয়া কিংবা ভারী ওজন তোলার ফলে কাঁধে তীব্র যন্ত্রণা হতে পারে। এমনই এক সাধারণ সমস্যা হল টেন্ডিনাইটিস। টেন্ডন হল শক্ত অথচ নমনীয় টিস্যু, যা পেশিকে অস্থিসন্ধির সঙ্গে যুক্ত করে রাখে। আঘাত বা অতিরিক্ত চাপের কারণে এই টেন্ডনে ক্ষত তৈরি হলে সেখানে প্রদাহ দেখা দেয় এবং তীব্র ব্যথা শুরু হয়। এই অবস্থাকেই টেন্ডিনাইটিস বলা হয়। অনেকেই একে স্পন্ডিলাইটিস বা ফ্রোজ়েন শোল্ডারের সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু টেন্ডিনাইটিসে ব্যথা সাধারণত বেশি তীব্র ও একটানা থাকে। কেবল ব্যথানাশক ওষুধে সাময়িক উপশম মিললেও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন সঠিক বিশ্রাম ও নিয়মিত ব্যায়াম। বিশেষ কিছু যোগাসন কাঁধ ও হাতের পেশির জড়তা কমাতে এবং নমনীয়তা বাড়াতে সাহায্য করতে পারে।
গোমুখাসন :- এই ক্ষেত্রে উপকারী একটি আসন। ম্যাটের উপর সোজা হয়ে বসে ঘাড়, পিঠ ও মাথা সোজা রাখুন। বাঁ হাত কোমরের নীচ থেকে পিঠের দিকে তুলুন এবং ডান হাত ঘাড়ের পিছন দিয়ে নীচে নামিয়ে দুই হাতের আঙুল ধরার চেষ্টা করুন। শুরুতে অসুবিধা হলেও ধীরে ধীরে নমনীয়তা বাড়বে। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রেখে ২০ সেকেন্ড ধরে রাখুন, তিন বার করুন।
গরুড়াসন :- এই আসন কাঁধের পেশি প্রসারিত করতে সাহায্য করে। সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটু সামান্য ভাঁজ করুন। বাঁ পা ডান পায়ের উপর পেঁচিয়ে রাখুন। দুই হাত সামনে এনে কনুই ভাঁজ করে ডান হাতের উপর বাঁ হাত জড়িয়ে তালু দু’টি প্রণামের ভঙ্গিতে রাখুন। ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে লম্বা শ্বাস নিয়ে ভঙ্গিটি ধরে রাখুন।
মার্জারাসন বা ক্যাট-পোজ :- এই আসন মেরুদণ্ড ও কাঁধের নমনীয়তা বাড়াতে কার্যকর। হাত ও হাঁটুর উপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গি নিন। শ্বাস নিতে নিতে পিঠ উঁচু করুন ও মাথা নিচু করুন, শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ নামিয়ে পেট ভেতরে টানুন। ধীরে ধীরে ৫ বার করে কয়েক মিনিট অনুশীলন করুন।
তবে ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা হাত তুলতে অসুবিধা হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক রোগ নির্ণয় ও ফিজিওথেরাপির সাহায্য নিলে দ্রুত আরাম পাওয়া সম্ভব।
