ভোটের আগে খাস কলকাতায় তাজা বোমা উদ্ধার !
কিউ ইন্ডিয়া বাংলা:- নির্বাচনের প্রাক্কালে খাস কলকাতা থেকে উদ্ধার হলো তাজা বোমা । রাস্তার ওপর বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরেই তড়িঘড়ি খবর দেওয়া থানায়। পরে পুলিশ এবং বম্ব স্কোয়াড এসে বোমাটি উদ্ধার করে। ঘনবসতিপূর্ণ এলাকায় এক ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনার সঙ্গে দুই ব্যক্তি জড়িয়ে আছেন বলে অভিযোগ উঠে আসছে।
সূত্রের খবর , গতকাল ২৩ শে ফেব্রুয়ারি সোমবার রাতে সরশুনা ১২৭ নং ওয়ার্ডে একটি রাস্তায় একটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তবে অনেক বড় বিপদ ঘটার আগেই সেই বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিস। অন্যদিকে এই ঘটনার নেপথ্যে সুরজিৎ গিরি ও মানিক টুং নাম দুই ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।এলাকাবাদীদের অভিযোগ ,সরশুনা এলাকায় অতীতে বহু দুষ্কৃতীমূলক ঘটনা ঘটেছে। নেপথ্যে শাসক দলের প্রশ্রয় রয়েছে বলেও অভিযোগ উঠেছিল। রাত হলেই এলাকায় মদের ঠেক-সহ বহু অসাধু কার্যকলাপ হয় বলেও দাবি এলাকার মানুষের।
সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। যার শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। এর মধ্যে গতকাল নদিয়ার কালীগঞ্জ থেকেও পাঁচটি সকেট বোমা উদ্ধার করেছে পুলিস। এবার শরশুনায় বোমা উদ্ধার এর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে।
