স্বপ্ন দেখানোই কাল, ডাক্তার হওয়ার চাপ, বাবাকে গুলি করে টুকরো করল ছেলে !
কিউ ইন্ডিয়া বাংলা :- ছেলে বড় ডাক্তার হবে, এই ছিল বাবার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল। নিজের ১৯ বছরের ছেলে অক্ষত গুলি করে হত্যা করল বাবাকে। শুধু হত্যা নয় নৃশংসভাবে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনায় স্তম্ভিত পুলিশ থেকে সাধারণ মানুষ।
এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানবেন্দ্র সিং। তাঁর বড় ছেলে পুলিশে চাকরি করেন। ছোট ছেলে অক্ষত পড়াশোনায় ভালো ছিল, দ্বাদশ শ্রেণিতে ভালো নম্বরও পেয়েছিল। তাই বাবা চাইতেন, ছেলে ডাক্তার হোক। সেই লক্ষ্যে নিট পরীক্ষার প্রস্তুতিতে চাপ দিতেন তিনি এটাই ছিল অভিযোগ।
পুলিশের দাবি, গত ২০ ফেব্রুয়ারি ভোরে বাবার সঙ্গে বচসার পরই গুলি চালায় অক্ষত। সেই দৃশ্য দেখে ফেলে তার বোন। হত্যার পর দেহ টুকরো করে নীল ড্রামে ভরে রাখা হয়। কিছু অংশ গাড়িতে করে প্রত্যন্ত এলাকায় ফেলে আসে সে। সোমবার দেহাংশ ফেলতে বেরিয়েই পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহাংশ এবং খুনে ব্যবহৃত রাইফেল।
প্রাথমিক জেরায় জানা গেছে, অক্ষত বাবার মদের দোকানে কাজ করত এবং মাসে ১৭ হাজার টাকা পেত। কিন্তু নিট পরীক্ষায় ভালো ফল করার জন্য বাবা চাপ দিতেন এই নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই তর্ক হতো। একপর্যায়ে রাগের মাথায় সে এই কাণ্ড ঘটায়। ঘটনার পর বোনকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখারও অভিযোগ রয়েছে।
পুলিশ এখন পুরো ঘটনার তদন্ত করছে। ফেলে দেওয়া দেহাংশের খোঁজ চলছে। এমন নৃশংস পারিবারিক হত্যাকাণ্ডে স্তম্ভিত স্থানীয় মানুষও। আপাতত অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে। তদন্তে বেরিয়ে আসবে আসল সত্য।
