আজকের দিনেবাংলার আয়না

ফর্ম তুলতে হুড়োহুড়ি, বিশৃঙ্খলা আরামবাগ বিডিও অফিস চত্বর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ‘যুব সাথী’, ‘লক্ষ্মীর ভান্ডার’ ও ভূমিহীনদের জন্য ফর্ম বিতরণ শুরু হতেই হুগলির আরামবাগে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এল। ফর্ম তুলতে গিয়ে ঠেলাঠেলি, ধস্তাধস্তি, এমনকি কাড়াকাড়ির ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ বিডিও অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ ময়দানে নামতে হয় পুলিশকে।

সোমবার সকাল থেকেই বিডিও অফিসের সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে। ফর্ম সংগ্রহ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পরিস্থিতি। এক সময় এমন অবস্থা হয় যে শ্বাসরোধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। ফর্ম নিয়ে কাড়াকাড়ি ও ধস্তাধস্তিতে কয়েকজন অসুস্থ বোধ করেন।

প্রাথমিকভাবে মোতায়েন থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে আরামবাগ জেলা পুলিশের আরও বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। শেষমেশ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররাই সরাসরি ফর্ম বিলি করতে শুরু করেন।

এদিকে বিডিও অফিসের তরফে মাইকিং করে জানানো হয়, পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত অফিস থেকেও ফর্ম দেওয়া হবে। তবুও ভিড় ও হুড়োহুড়ি পুরোপুরি থামেনি। এক প্রত্যক্ষদর্শী জানান, “ঠেলাঠেলি করে সবাই ঢুকে পড়ছে। পুলিশ এলেও তাকে সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা হচ্ছে। আমরা অনলাইন থেকে ফর্ম নিয়েছি। তবুও ফর্ম পেতে খুব কষ্ট হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *