কিশ্তওয়ার অভিযানে আহত হয়েও পথ দেখাল সেনা কুকুর ‘টাইসন’
কিউ ইন্ডিয়া বাংলা :- জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার দুর্গম পাহাড়ি এলাকায় আবারও সামনে এল সেনা কুকুরদের সাহসিকতার নজির। ভারতীয় সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সে কর্মরত জার্মান শেফার্ড ‘টাইসন’ জঙ্গিদের গোপন আস্তানা খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অভিযানের সময় জঙ্গিদের গুলিতে তার পায়ে আঘাত লাগে। তবুও দায়িত্ব থেকে একচুলও সরে দাঁড়ায়নি সে।
খবর ছিল, কিশ্তওয়ারের ছত্রু এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। কিন্তু সঠিক অবস্থান জানা ছিল না নিরাপত্তাবাহিনীর কাছে। সেই সময়ই তল্লাশির কাজে নামানো হয় ‘টাইসন’-কে। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে সে সেনাবাহিনীকে সন্দেহভাজন জায়গার দিকে নিয়ে যায়। জঙ্গিদের আস্তানার কাছাকাছি পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের ছোড়া একটি গুলি ‘টাইসন’-এর পায়ে লাগে। আহত হলেও সে তার কাজ সম্পূর্ণ করে অবশেষে জঙ্গিদের অবস্থান শনাক্ত হয়।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসীদের খোঁজ চলছিল। ‘টাইসন’-এর তৎপরতার ফলেই দ্রুত তাদের ঘাঁটি চিহ্নিত করা সম্ভব হয়। অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। সেনা সূত্রের দাবি, নিহতদের মধ্যে জইশ-ই-মোহাম্মদের এক কমান্ডার সইফুল্লাও রয়েছে, যে দীর্ঘদিন ধরে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল। বাকি দুই জঙ্গির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের দলও অংশ নেয়। আহত ‘টাইসন’-কে দ্রুত বিমানে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে স্থিতিশীল থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
এর আগেও সেনা কুকুরদের সাহসিকতার নজির রয়েছে। ২০২৪ সালে এক অভিযানে ‘ফ্যান্টম’ নামে আর এক সেনা কুকুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই অভিযানে সে প্রাণ হারালেও, তার দেখানো পথেই সফল হয়েছিল ভারতীয় সেনা। এবার সেই দায়িত্ব পালন করল ‘টাইসন’। দুর্গম পাহাড়ি অভিযানে সেনা কুকুরদের প্রশিক্ষণ, তৎপরতা এবং সাহসিকতা যে কতটা গুরুত্বপূর্ণ, কিশ্তওয়ারের এই অভিযান তারই আর এক জলজ্যান্ত প্রমাণ দেখালো সবার কাছে।
