দুর্গাপুরে নাবালিকা নির্যাতন ঘিরে চাঞ্চল্য
কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এলাকায় এক নাবালিকা নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা দুর্গাপুরেরই বাসিন্দা। সম্প্রতি তাঁর পেটে ব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানেই জানা যায়, সে অন্তঃসত্ত্বা।
পরিবারের চাপে নাবালিকা জানায়, তাঁর এক পাড়াতুতো মামা তাঁকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করেছে। অভিযুক্ত ব্যক্তি দুর্গাপুর নগর নিগমে অস্থায়ী সাফাই কর্মী হিসেবে কাজ করে বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে, শুধুমাত্র এই নাবালিকা নয়, এলাকার আরও কয়েকজন নাবালিকার সঙ্গেও সে অসঙ্গত আচরণ করেছে।
শুক্রবার সকালে অভিযুক্তকে এলাকায় দেখতে পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে। অভিযোগ, বাঁশের খুঁটিতে বেঁধে তাকে মারধর করা হয়। খবর পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ একদিকে ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছে, অন্যদিকে গণপিটুনিতে জড়িতদের চিহ্নিত করার কাজও চলছে। পুরো ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
