মুখে হঠাৎ দাগ? মেচেতা কমানোর সহজ উপায়
নাকের দু’পাশ, গাল, কপাল বা ঠোঁটের উপরের অংশে হঠাৎ বাদামি বা ধূসর রঙের ছোপ দেখা দিলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।সাধারণভাবে একে মেচেতা বলা হলেও চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম মেলাসমা। এটি কোনও সংক্রামক রোগ নয় এবং শরীরের ভেতরের বড় কোনও বিপদের লক্ষণও নয়, বরং ত্বকের রঞ্জক পদার্থের ভারসাম্য নষ্ট হওয়ার ফলেই এই সমস্যা দেখা দেয়।
আমাদের ত্বকের রং নির্ধারণ করে মেলানোসাইট নামের বিশেষ কোষ। এই কোষ থেকে মেলানিন তৈরি হয়, যা ত্বকের স্বাভাবিক রং ঠিক রাখার পাশাপাশি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষাও দেয়। কিন্তু শরীরে যখন মেলানিন তৈরির প্রক্রিয়া অসম হয়ে যায়, তখন ত্বকের কিছু অংশে বেশি রঞ্জক জমে গিয়ে গাঢ় দাগ তৈরি হয়। ফলে মুখে অসমান রং দেখা দেয়, যাকে আমরা মেচেতা হিসেবে দেখি।
এই সমস্যার পেছনে বেশ কিছু কারণ কাজ করে। দীর্ঘ সময় রোদে থাকলে অতিবেগুনি রশ্মি মেলানোসাইটকে উত্তেজিত করে এবং বেশি মেলানিন তৈরি হয়। আবার হরমোনের ওঠানামাও বড় কারণ বিশেষ করে গর্ভাবস্থা, জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন বা থাইরয়েডের সমস্যায় মেচেতা বেড়ে যায়। অনেক সময় কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার গোলযোগেও ত্বকের রং অসমান হয়ে পড়ে। তাই এটি কেবল বাহ্যিক সমস্যা নয়, ভেতরের পরিবর্তনেরও একটি প্রতিফলন।
মেচেতা একদিনে তৈরি হয় না, আবার একদিনে দূরও হয় না। তাই দ্রুত ফলের আশা না করে নিয়মিত পরিচর্যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরোয়া উপায়ে কিছুটা দাগ হালকা করা সম্ভব। লেবুর রসে থাকা প্রাকৃতিক অ্যাসিড ধীরে ধীরে দাগ কমাতে সাহায্য করে এবং মধু ত্বককে আর্দ্র রাখে। সমপরিমাণ লেবুর রস ও মধু মিশিয়ে ১৫–২০ মিনিট দাগের ওপর লাগিয়ে রেখে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়। তবে কারও ত্বক সংবেদনশীল হলে লেবু ব্যবহার না করে দুধের সর ব্যবহার করা নিরাপদ।
পাকা পেঁপেতে থাকা প্যাপাইন নামের উপাদান মৃত কোষ সরিয়ে ত্বক পরিষ্কার করে এবং নতুন কোষ গঠনে সাহায্য করে। পেঁপে বাটা ও কাঁচা দুধ মিশিয়ে সপ্তাহে তিন দিন ব্যবহার করলে ধীরে ধীরে ত্বকের রং সমান হতে শুরু করে। একইভাবে চন্দন গুঁড়ো, সামান্য হলুদ ও গোলাপ জল মিশিয়ে লাগালে ত্বক ঠান্ডা থাকে এবং পিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
তবে শুধু মাস্ক ব্যবহার করলেই হবে না, কিছু অভ্যাস বদলানোও জরুরি। রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে, কারণ সূর্যের আলো মেচেতা আরও গাঢ় করে দেয়। অতিরিক্ত স্ক্রাব বা ঘষাঘষি করলে ত্বক আরও সংবেদনশীল হয়ে দাগ বাড়তে পারে। পর্যাপ্ত জল পান, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাবারও ত্বকের সুস্থতার জন্য প্রয়োজনীয়। হরমোন বা থাইরয়েডজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ধৈর্য ধরে নিয়মিত যত্ন নিলে মেচেতা পুরোপুরি না মিলিয়ে গেলেও অনেকটাই হালকা হয়ে যায় এবং ত্বক ধীরে ধীরে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পায়। আসলে এটি ত্বকের দীর্ঘমেয়াদি সমস্যা, তাই তাড়াহুড়ো না করে নিয়মিত পরিচর্যাই সবচেয়ে কার্যকর সমাধান।
