আজকের দিনেভারতসিলেবাস থেকে

প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ: এবার থেকে অনলাইনে নিট, ২১ জুন ফের পরীক্ষা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি  ব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় ২০২৬-এর পরীক্ষা বাতিল করার পর, আগামী বছর থেকে এই মেডিক্যাল প্রবেশিকা সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক  পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

 ২১ জুন পুনরায় পরীক্ষা, ১৪ জুনের মধ্যে অ্যাডমিট

বাতিল হওয়া নিট ইউজি ২০২৬-এর পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। পরীক্ষার্থীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছেন মন্ত্রী:

  • অ্যাডমিট কার্ড: ১৪ জুনের মধ্যে পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড হাতে পাবেন।

  • পরীক্ষাকেন্দ্র নির্বাচন: পরীক্ষার এক সপ্তাহ আগে পরীক্ষার্থীরা নিজেদের পছন্দের শহর বেছে নেওয়ার সুযোগ পাবেন।

  • কোনো অতিরিক্ত ফি নয়: পুনরায় পরীক্ষার জন্য কোনো বাড়তি টাকা দিতে হবে না। আগের ফি-ও ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

 প্রশ্নফাঁস ও ‘জিরো টলারেন্স’ নীতি

গত ৩ মে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়ার পরেই ১২ মে তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, ৭ মে একটি ‘গেস পেপার’-এর সাথে মূল প্রশ্নপত্রের মিল পাওয়ার পর তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থাগুলোকে দেওয়া হয়। দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রের অবস্থান ‘জিরো টলারেন্স’। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে সিবিআই ।

 পরীক্ষা ব্যবস্থায় সংস্কার

প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং ভবিষ্যতে ‘শূন্য-ভুল’ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে একাধিক পদক্ষেপের কথা জানান ধর্মেন্দ্র প্রধান:

  • রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ: সুপারিশ সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থায় যে ফাঁক থেকে গিয়েছে, তা দ্রুত মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে।

  • মাফিয়া দমন: শিক্ষামন্ত্রীর কড়া হুঁশিয়ারি, “কোনো মাফিয়াকে পরিশ্রমী ছাত্রছাত্রীদের আসন ছিনিয়ে নিতে দেওয়া হবে না।”

এক নজরে নতুন নিয়ম: আগামী বছর (২০২৭) থেকে কলম-কাগজের ওএমআর  শিটের বদলে ছাত্রছাত্রীদের কম্পিউটার স্ক্রিনে পরীক্ষা দিতে হবে, যা কারচুপি রোধে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *