আজকের দিনেবাংলার আয়না

সুন্দরবনে দু’মাস অন্তর কুমির গণনা শুরু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সুন্দরবনে ঠিক কত কুমির রয়েছে তার সঠিক হিসাব পেতে নতুন সিদ্ধান্ত নিল বনদপ্তর। এবার থেকে দু’মাস অন্তর কুমির শুমার করা হবে বলে জানানো হয়েছে। এতদিন বছরে একবার, মূলত শীতকালে এই গণনা হত। কিন্তু তাতে প্রকৃত সংখ্যা ধরা পড়ছে না বলেই মনে করছে কর্তৃপক্ষ।

সুন্দরবন এলাকায় বাঘের মতো কুমির গণনাও সহজ নয়, বরং অনেক বেশি ঝুঁকিপূর্ণ। বাঘ গণনার সময় জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়। কিন্তু কুমিরের ক্ষেত্রে বনকর্মীদের ছোট নৌকায় করে খাঁড়ির ভিতরে ঢুকে সরাসরি কুমিরের মাথা গুনতে হয়। তাই বছরে একবারে সঠিক তথ্য পাওয়া কঠিন। সেই কারণেই বারবার গণনার সিদ্ধান্ত।

এদিকে বাঘ গণনার কাজও চলছে। ট্র্যাপ ক্যামেরা থেকে পাওয়া ছবিতে বেশ কিছু বাঘের শাবক দেখা গিয়েছে, যাদের বয়স প্রায় এক বছরের মতো। ফলে বাঘের সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। এই তথ্য যাচাই করতে ছবিগুলি পাঠানো হচ্ছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-তে।

সর্বশেষ সর্বভারতীয় গণনায় সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০১। পাশাপাশি নোনা জলের কুমিরের সংখ্যাও বেড়েছে বলে মনে করা হচ্ছে। ২০২৪-২৫ সালের শুমারে আনুমানিক ২৪২টি কুমির পাওয়া গিয়েছে, যেখানে আগের সংখ্যা ছিল ২০৪-২৩৪ এর মধ্যে।

সাধারণত শীতকালে কুমিররা খাঁড়ির ধারে রোদ পোহাতে ওঠে, তখন তাদের দেখা ও গণনা করা সহজ হয়। তবে এবছর ডাঙায় কুমির কম দেখা যাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিম পাড়ার সময় কুমিররা অনেক সময় জলে না থেকে উঁচু শুকনো জায়গায় থাকে এবং বাচ্চা ফুটে বেরোনোর পর চার থেকে ছয় মাস সেই এলাকাতেই থাকে। তাই বিভিন্ন সময়ে গণনা করলে তবেই বোঝা যাবে কুমিরের সংখ্যা আসলে বাড়ছে নাকি কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *