আজকের দিনেতিলোত্তমা

যুবসাথীর লাইনে উচ্চশিক্ষিত বেকারদের ভিড়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন জমা নেওয়ার কাজ। সরকার ঘোষিত এই ভাতা পাওয়ার জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করে আবেদন নেওয়া হচ্ছে এবং ব্লক-এ ব্লক-এ দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন শুরু হতেই মাত্র দেড় ঘণ্টার মধ্যেই প্রায় ৩৪ হাজারের বেশি আবেদন জমা পড়ে যায়। এই প্রকল্পের টাকা ১ এপ্রিল থেকে দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে এই ঘোষণার পরেই বিপুল সংখ্যক যুবক-যুবতী ক্যাম্পে ভিড় করেন।

তবে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়, লাইনে শুধু মাধ্যমিক পাশ নয়, বিএ, বিকম, বিএসসি এমনকি এমএ পাশ যুবকরাও দাঁড়িয়েছেন। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকারদের ভিড় ছিল সব ক্যাম্পেই। অনেকেই বলছেন, দেড় হাজার টাকা খুব বড় অঙ্ক না হলেও অন্তত দৈনন্দিন কিছু খরচে সাহায্য করবে। কারও বক্তব্য, প্রতিদিন যাতায়াতেই বেশ টাকা খরচ হয়ে যায় তাই সামান্য সহায়তাও কাজে লাগবে। আবার কেউ স্পষ্ট জানিয়েছেন, ভাতা নয়, আসলে চাকরিই দরকার; কিন্তু কাজ না পেয়ে বাধ্য হয়েই লাইনে দাঁড়াতে হচ্ছে।

একই সঙ্গে যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, খেতমজুরদের আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জলকর মকুব সংক্রান্ত আবেদনও নেওয়া হচ্ছে। ফলে অনেক জায়গাতেই ভিড় আরও বেড়েছে। আবেদন জমা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শুনানি-যাচাই শেষে যোগ্যদের তালিকা তৈরি করা হবে।

সব মিলিয়ে প্রকল্পটি নিয়ে ব্যাপক সাড়া মিললেও বাস্তব চিত্রে স্পষ্ট শুধু কম শিক্ষিত নয়,উচ্চশিক্ষিত বেকার যুবকদের একাংশও আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তাই ভাতা বড় সমাধান না হলেও অন্তত সাময়িক ভরসা হিসেবে যুবসাথীর লাইনে দাঁড়াতে হচ্ছে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *