Abhishek : সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- সই জাল কাণ্ডে টানা সাড়ে ৮ ঘণ্টা সিআইডি জেরার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পৌনে বারোটা নাগাদ ভবানী ভবনে ঢুকে রাত সাড়ে আটটা নাগাদ বের হন তিনি। বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি, সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে।
গত বৃহস্পতিবার প্রথম হাজিরার পর আজ ফের সিআইডি দপ্তরে ডাকা হয় অভিষেককে। অভিযোগ, আগের দিন অধিকাংশ প্রশ্নেই ‘জানি না’ বলে দায় এড়িয়েছিলেন, যার জেরে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। এদিন নির্ধারিত সময়েই হাজির হন তিনি। দীর্ঘক্ষণ একা জেরার পর বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও একই মামলায় হাজিরা দেন। সূত্রের খবর, দুজনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। কুণাল বেরিয়ে গেলেও অভিষেককে আরও কিছুক্ষণ জেরা করেন আধিকারিকরা।
ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে পৌঁছতেই ওঠে ‘চোর’ স্লোগান। উল্লেখ্য, সই জাল কাণ্ড ছাড়াও একাধিক মামলায় জর্জরিত অভিষেক। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দপ্তরে এবং মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় ফের সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা তাঁর। এছাড়া কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরেই অভিযুক্ত তিনি। শনিবার আমফানের ত্রাণে ২৫০ কোটির দুর্নীতির অভিযোগে এফআইআর হয়েছে। শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে শিলিগুড়ি থানাতেও দায়ের হয়েছে এফআইআর।
সই জাল থেকে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার থেকে আমফান ত্রাণ—একাধিক মামলার পাহাড় নিয়ে চাপে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। পরপর হাজিরা, দীর্ঘ জিজ্ঞাসাবাদ আর আইনি জটিলতায় নাস্তানাবুদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে এই মামলাগুলির গতিপ্রকৃতিই ঠিক করে দেবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ।
