সীমান্তে কড়া নিরাপত্তার মধ্যেই চলছে বাংলাদেশে ভোট
কিউ ইন্ডিয়া বাংলা :- সীমান্তে কড়া নিরাপত্তা ও নজরদারির আবহেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। হাসিনা সরকারের পতনের পর স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট নেওয়া হচ্ছে। ভোটের মধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মিলছে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
এই পরিস্থিতিকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপর রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লক্ষ্য একটাই, বাংলাদেশের অশান্তির প্রভাব যেন এদেশে না পড়ে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাকেও সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে গুজব বা উসকানিমূলক পোস্ট নজরে এলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরেই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহলদারি। বসিরহাটের ঘোজাডাঙ্গা ও পেট্রাপোল সীমান্তে বুধবার থেকে বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাদুড়িয়া থানার লবঙ্গ এলাকা, ন্যাজাট থানার কানমারী, হাসনাবাদ থানার বনবিবি সেতু সংলগ্ন অঞ্চল, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালির হেমনগর কোস্টাল এলাকা এবং বসিরহাট থানা এলাকায় চলছে কড়া তল্লাশি। শহরে ঢোকা-বেরোনোর প্রতিটি রাস্তায় রাত থেকেই গাড়ি ও মোটরবাইক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। সীমান্তমুখী রাস্তাতেও নজরদারি বাড়ানো হয়েছে।
নদী ও স্থল দুই ধরনের সীমান্ত পথেই নজরদারি জোরদার করা হয়েছে। বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র বা নিষিদ্ধ সামগ্রীর পাচার এবং দুষ্কৃতীদের চলাচল আটকাতে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। রাতের অন্ধকারে অনুপ্রবেশ রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বসিরহাটের পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান জানিয়েছেন, “সীমান্ত পেরিয়ে কোনও ধরনের নাশকতা বা অশান্তি এদেশে না আসার জন্য আমরা সর্বদা প্রস্তুত। নাকা চেকিং ও বাড়তি নজরদারির মাধ্যমে যে কোনও অশান্তি আগেভাগেই আটকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংবেদনশীল পয়েন্ট চিহ্নিত করে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় থানাগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
বাংলাদেশের নির্বাচন ঘিরে সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রেখে সীমান্ত ও শহরজুড়ে এই কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে, যাতে কোনওভাবেই অশান্তির আঁচ দেশের অভ্যন্তরে পৌঁছাতে না পারে।
