আজকের দিনেবাংলার আয়না

বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবতীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত চণ্ডিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় অভিযুক্ত যুবতীরই এক প্রতিবেশী। বয়স ৫০-এর বেশি। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই যুবতী নিজের বাড়ির বারান্দায় একা বসেছিলেন। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত প্রতিবেশী। অভিযোগ, যুবতীকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে তিনি ডেকে নেন এবং পাশের একটি লাউ বাগানে নিয়ে যান। সেখানেই ওই যুবতীর উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
রাতে বাড়িতে মেয়েকে না দেখতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর তাঁরা লাউ বাগানে গিয়ে অবচেতন অবস্থায় যুবতীকে উদ্ধার করেন। পরে তাঁর কাছ থেকেই গোটা ঘটনার বিবরণ জানা যায়। এরপর পরিবার বাদুড়িয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
নির্যাতিতার বৌদি অভিযোগ করে বলেন, খাবারের লোভ দেখিয়ে যুবতীকে বাগানে নিয়ে যাওয়া হয় এবং মুখ খুললে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *