আজকের দিনেভারত

এক্সপ্রেস ট্রেনেই উধাও থ্রি এসি কোচ!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সম্বলপুর স্টেশনে ঢুকছিল নাগাবলী সুপারফাস্ট এক্সপ্রেস (২০৮০৯)। গন্তব্য সম্বলপুর থেকে নানদেদ। হাতে সংরক্ষিত থ্রি এসি কামরার টিকিট নিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কিন্তু ট্রেন থামতেই চরম চমক। খোঁজ করেও নিজেদের নির্দিষ্ট কামরার কোনও হদিশ পেলেন না তাঁরা। দেখা গেল, ট্রেনের আস্ত একটি থ্রি এসি কোচই নেই।

এই ঘটনায় মুহূর্তের মধ্যেই হতবাক হয়ে পড়েন যাত্রীরা। প্রায় তিন দশক আগে বর্ধমানে জাদুকর পি সি সরকার জুনিয়রের ‘ভ্যানিশ’ করা প্যাসেঞ্জার ট্রেনের স্মৃতি যেন চোখের সামনে ফিরে আসে। তবে এখানে কোনও জাদু নয়, বরং রেল কর্তৃপক্ষের গাফিলতিতেই তৈরি হয় এই অদ্ভুত পরিস্থিতি।

রেল সূত্রে জানা গিয়েছে, নাগাবলী সুপারফাস্ট এক্সপ্রেস সম্বলপুর স্টেশনে পৌঁছনোর পর দেখা যায়, ট্রেনটিতে বিই-২ নম্বর থ্রি এসি কোচটি সংযুক্তই নেই। বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। কী করবেন বুঝে না পেয়ে প্রায় ৩০ জন যাত্রী অন্য সংরক্ষিত কামরায় উঠে পড়েন। পরে টিকিট পরীক্ষকের কাছেও নিজেদের অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

ইস্ট কোস্ট রেলের তরফে জানানো হয়েছে, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির ফল। পাশাপাশি রেল কর্তৃপক্ষ আরও জানায়, ট্রেনটি বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছানোর পরে অতিরিক্ত একটি এসি কোচ সংযুক্ত করা হয়। যদিও ততক্ষণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছিল।

হঠাৎ করে সংরক্ষিত কোচ উধাও হয়ে যাওয়ার ঘটনায় রেল পরিচালন ব্যবস্থা ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীরা দাবি তুলেছেন, ভবিষ্যতে যেন এই ধরনের গাফিলতি আর না ঘটে, সে বিষয়ে রেলকে আরও সতর্ক হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *