জনরোষের মুখে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে, পার্টি অফিস ঘিরে ডিম বৃষ্টি
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। কোথাও ডিম ছোড়া হচ্ছে, আবার কোথাও ‘চোর-চোর’ স্লোগান। সোমবার নৈহাটিতে জনরোষের মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সনৎ দে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে পার্টি অফিস থেকে তাঁকে বের করে আনা হয়।
সোমবার বাইক নিয়ে হেলমেট পরে নৈহাটির তৃণমূল কার্যালয়ে আসেন প্রাক্তন বিধায়ক সনৎ দে। তাঁর কার্যালয়ে ঢোকার খবর ছড়াতেই এলাকার মানুষ পার্টি অফিস ঘিরে ফেলেন। মুহূর্তে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারাই সনৎ দে-কে অফিস থেকে বের করে নিয়ে আসে। সেই সময় উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে এবং ‘চোর-চোর’ স্লোগান দেয়।বিজেপির অভিযোগ, সনৎ দে যখন পার্টি অফিসে আসেন তখন তাঁর হাতে বড় ব্যাগ ছিল। বিজেপির দাবি, কোনও অবৈধ জিনিস বা নথিপত্র সরানোর উদ্দেশেই তিনি ওই ব্যাগ নিয়ে কার্যালয়ে ঢুকেছিলেন। ওই পার্টি অফিসে অনেক বেআইনি জিনিস থাকতে পারে বলেও দাবি করেছে বিজেপি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে ওই পার্টি অফিসে তল্লাশি চালানোর দাবি জানিয়েছে তারা।
রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই তৃণমূল নেতাদের উপর বাড়ছে জনরোষ। ডিম ছোড়া, ‘চোর-চোর’ স্লোগানের তালিকায় এবার নাম জুড়ল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-র। বিজেপির অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশি তল্লাশির দাবি কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
