ভোটের ঠিক ২ দিন আগে নন্দীগ্রামে গ্রেফতার শেখ সুফিয়ানের জামাই
কিউ ইন্ডিয়া বাংলা:-রাজ্যে প্রথম দফার ভোট হবে আগামী ২৩ শে এপ্রিল । রাজ্য রাজনীতিতে অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট অনুষ্ঠিত হবে সেই দিন । তার ঠিক দুদিন আগে নন্দীগ্রামে গ্রেফতার তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল ওরফে নান্টু । নান্টু নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ।
বিজেপির অভিযোগ, গতকাল সোমবার ২০ এপ্রিল রাতে প্রচারে বেড়িয়ে তিনি ভোটারদের মধ্যে টাকা বিলি করেছেন । সেই সময় তাকে ধরে ফেলেন বিজেপির কর্মী সমর্থকরা । এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা । ভিডিওর মধ্যে হাবিবুল কে বলতে শোনা গিয়েছে ” টাকা কোথায় ? আমি তো ভোট প্রচারে এসেছি ” । বিষয়টি নিয়ে তৃণমূল বিজেপি দুই দলের মধ্যে বচসা বাঁধে । এরপর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নান্টুকে গ্রেফতার করা হয় বলে খবর পুলিশ সূত্রে।
ঘটনায় বিজেপির নন্দীগ্রাম মন্ডল ১ এর সভাপতি ধনঞ্জয় ঘোড়া বলেন ” ৫৪ নম্বর বুথে টাকা বিলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে নান্টু । মহিলাদের টাকার লোভ দেখাচ্ছিলো কোথাও আবার হুমকিও দিচ্ছিল। বলছিল গতবার ভোটের পর দেবব্রত মাইজদীর যে অবস্থা করেছিলাম তোদের স্বামীরও সেই অবস্থা করব । এই নিয়ে মহিলারা বিক্ষোভ দেখান এবং এর পরে ঘটনাস্থলে পুলিশ এসে নান্টু এবং তার সাগরেদ পলাশকে গ্রেফতার করা হয় ” ।
যদিও তৃণমূল এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন । তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায় বলেন ” মিথ্যা অভিযোগে নান্টুকে গ্রেফতার করা হয়েছে তিনি নিজের গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করছিলেন । নির্বাচন কমিশনকে ব্যবহার করে তৃণমূলের নেতৃত্বকে দমাতে চাইছে বিজেপি।”
