বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমা

Madhyamik-Bus : মাধ্যমিকে বাড়তি বাস, স্বস্তি পরীক্ষার্থীদের ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মাধ্যমিক পরীক্ষা মানেই ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও এই সময় মানসিক চাপ, দুশ্চিন্তা আর টেনশন যেন পিছু ছাড়ে না। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে তো, রাস্তায় যানজট হবে না তো, প্রশ্নপত্র কেমন হবে এমন হাজারও চিন্তা ঘুরপাক খায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে। সেই চাপ কিছুটা কমাতেই প্রতি বছরের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট আট দিন পরীক্ষা হবে—২, ৩, ৬, ৭, ৯, ১০ ও ১২ ফেব্রুয়ারি। এই পরীক্ষার দিনগুলিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিশেষ বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দপ্তর। শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিকের আটটি পরীক্ষার দিন কলকাতা ও শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চলবে। মোট ১৫টি রুটে এই বিশেষ বাস পরিষেবা মিলবে।

পরিবহণ দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে নিকটবর্তী শহরতলির পরীক্ষাকেন্দ্রগুলিকে মাথায় রেখেই এই রুটগুলি নির্ধারণ করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা সহজে ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগঞ্জ-এসপ্ল্যানেড রুটে চলবে অতিরিক্ত ২টি বাস। হরিদেবপুর থেকে হাওড়া স্টেশন রুটে মিলবে ১টি বাড়তি বাস। ঠাকুরপুকুর-শিয়ালদহ রুটে চলবে ১টি এবং ঠাকুরপুকুর-হাওড়া রুটেও মিলবে আরও ১টি অতিরিক্ত বাস। কাঁকুড়গাছি থেকে বেহালা রুটে চালানো হবে ২টি বাড়তি বাস। কুঁদঘাট-দক্ষিণেশ্বর রুটে চলবে ১টি অতিরিক্ত বাস, দক্ষিণেশ্বর-এসপ্ল্যানেড রুটেও মিলবে আরও ১টি বাস।

এছাড়া গড়িয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত চলবে সর্বাধিক ৪টি অতিরিক্ত বাস। যাদবপুর-হাওড়া রুটে মিলবে ১টি বাড়তি বাস। দমদম বিমানবন্দর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে ১টি অতিরিক্ত বাস। নিউটাউন-শিয়ালদহ রুটে মিলবে ২টি বাড়তি বাস এবং ডানলপ থেকে বালিগঞ্জ রুটে চলবে ১টি অতিরিক্ত বাস। এই সব রুটে পরীক্ষার দিনগুলিতে সকাল থেকেই বাড়তি বাস পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে পরিবহণ দপ্তর।

প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হয় দুপুর ২টায়। এই সময়টুকু সপ্তাহের কর্মব্যস্ত দিনের মধ্যেই পড়ে, যখন রাস্তায় স্বাভাবিকভাবেই যানজট বেশি থাকে। ফলে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বেড়ে যায়। তবে রাজ্য পরিবহণ দপ্তরের এই অতিরিক্ত বাস পরিষেবার ফলে সেই দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরোলেই যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো যায়, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *