আজকের দিনেতিলোত্তমা

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পুলিশের হেল্পলাইন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৬ ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ। পরীক্ষার সময় যাতে কোনও পড়ুয়াকে সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি, যানজট, কোনও জরুরি পরিস্থিতি কিংবা পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত যে কোনও সমস্যায় পড়লে এবার সরাসরি কলকাতা পুলিশের সাহায্য নিতে পারবেন পরীক্ষার্থীরা। এজন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে— ৯৮৩২৬ ১০০৩৯। এই নম্বরে ফোন করলেই দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলির আশপাশে বাড়ানো হবে পুলিশি নজরদারি। কোনও পরীক্ষার্থী যাতে যানজট বা নিরাপত্তাজনিত কারণে সমস্যায় না পড়েন, সেদিকেই বিশেষ নজর থাকবে। পুলিশ আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের সঙ্গে কোনও রকম দুর্ব্যবহার, পরীক্ষাকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা, বা যাতায়াতের পথে কোনও অসুবিধা হলে দেরি না করে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ট্রাফিক পুলিশ বা স্থানীয় থানার সাহায্য দ্রুত পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। তাই পরীক্ষার পরিবেশ যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে, সেই উদ্দেশ্যেই আগেভাগে এই হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে। কলকাতা পুলিশের এই উদ্যোগে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরবে বলেই মনে করছে শিক্ষা মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *