আজকের দিনেখেলা

ক্রিকেটে না! কিন্তু ভারতে শুটিং টিম পাঠাচ্ছে বাংলাদেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আজব নাটক বাংলাদেশের! নিরাপত্তার অভাবে অভিযোগ তুলে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাচ্ছে না বাংলাদেশ। প্রতিযোগিতা বয়কট করে তারা। কিন্তু বাংলাদেশ শুটিং দলকে ভারতে খেলতে আসার অনুমতি দিয়ে দিয়েছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার । প্রসঙ্গত আগামী ২ থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানেই খেলার কথা ছিল বাংলাদেশের। সেই সূচী অনুযায়ী বাংলাদেশের শুটিং দল ভারতে আসছে । এক্ষেত্রে প্রশ্ন উঠছে ক্রিকেটার ক্ষেত্রে বাংলাদেশের এই দ্বিচারিতা কেন? গোটা বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশ্নের মুখে।

আসন্ন ২০২৬ সালের আইপিএল থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই এর নির্দেশে ছেঁটে ফেলে কলকাতা নাইট রাইডার্স। এরপরই ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইস্যুতে বেঁকে বসে তারা। দাবি জানায় শ্রীলঙ্কার মাটিতে যাতে তাদের ম্যাচ আয়োজন করা হয়। তাদের দাবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) নাকচ করলে বিশ্বকাপ বয়কট করে পদ্মাপাড়ের দেশ।

শুটিং দলকে ভারতে পাঠানো প্রসঙ্গে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন ” বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্রিকেট এবং শুটিং দলের বিষয়গুলি সম্পূর্ণ আলাদা ভাবে দেখছে। বাংলাদেশের একজন ক্রীড়াবিদ এবং একজন কোচ ভারতে যাচ্ছেন। এছাড়াও প্রতিযোগিতাটি যেখানে হবে সেই স্থান যথেষ্ট নিরাপদ। দর্শকদের সংখ্যাও সীমিত। আয়োজক দেশ আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।” জানা গিয়েছে, বাংলাদেশ শুটিং স্পোর্টিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিরদৌস আরা খানের সাথে কথা বলেই নাকি বাংলাদেশের শুটারদের ভারতে খেলতে আসার অনুমতি দিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, যিনি সাংবাদিক সম্মেলন করে ক্রিকেট বিশ্বকাপ বয়কট করার ঘোষণা করেছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *