Suvendu-Karan Adani : রাজ্যে বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্থার অন্যতম আধিকারিক !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে শিল্প ও কর্মসংস্থান বাড়াতে তৎপর বিজেপি সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি। পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ করতে চাইছে আদানি গোষ্ঠী।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন গৌতম আদানির পুত্র করণ আদানি। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে বন্দর, ডেটা সেন্টার, বিদ্যুৎ শিল্প ও রাস্তা তৈরির মতো পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। বন্দরের ক্ষেত্রে পোর্ট ও লজিস্টিক্স হাব, ডেটা সেন্টারে আইটি পরিকাঠামো, বিদ্যুৎ শিল্পে উৎপাদন ও বণ্টন এবং সড়ক পরিকাঠামোয় হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
শুরুতেই রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। সরকার গঠনের পর থেকে শিল্প আনাই প্রধান লক্ষ্য বলে বারবার জানিয়েছে নবান্ন। সেই প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার স্পষ্ট হয়েছে এই বৈঠকে। রাজ্য সরকারের তরফে বিনিয়োগের জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শিল্প মহলের ধারণা, রাজ্যে বড় অঙ্কের বিনিয়োগ টানতে অনুঘটকের কাজ করবে আদানি গোষ্ঠী। বন্দর ও লজিস্টিক্সে বিনিয়োগ হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইভাবে ডেটা সেন্টার ও বিদ্যুৎ ক্ষেত্রেও দক্ষ কর্মীর চাহিদা বাড়বে।
এই প্রথম নয়, আগামিদিনে আরও বৈঠক হবে বলে আশা করছে শিল্প ও বাণিজ্য মহল। রাজ্যের নতুন সরকারের মূল লক্ষ্য কর্মসংস্থান। সেই লক্ষ্য পূরণে শিল্পে বিনিয়োগই পথ, বার্তা দিচ্ছে নবান্ন। আদানি গোষ্ঠীর আগ্রহে রাজ্যে নতুন শিল্প সম্ভাবনার দরজা খুলতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
