Alipore Zoo-Nipa Virus : আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের নিপা পরীক্ষা !
কিউ ইন্ডিয়া বাংলা :- নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক দূর করতে আলিপুর চিড়িয়াখানার বাদুড়দের আরটি-পিসিআর পরীক্ষা শুরু হয়েছে। ভোরের আলো ফুটতেই বিশেষজ্ঞদের একটি দল চিড়িয়াখানায় গিয়ে বাদুড়দের রক্ত ও সোয়াবের নমুনা সংগ্রহ করে। নমুনা সংগ্রহের কাজ শেষ করেই দলটি চিড়িয়াখানা ছেড়ে যায়।
এই পরীক্ষা করছে স্বাস্থ্যদপ্তরের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি(এনআইভি) ও আইসিএমআর-এর বিশেষজ্ঞরা। গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছে রাজ্য বনদপ্তর। কলকাতায় একমাত্র আলিপুর চিড়িয়াখানাতেই বাদুড়ের বড় আখড়া রয়েছে, তাই সেখানেও পরীক্ষা করা হচ্ছে।
এর আগে মধ্যমগ্রাম, বারাসত ও বসিরহাট এলাকায় থাকা বাদুড়দের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিপা ভাইরাসের সম্ভাব্য উৎস খুঁজতেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই পরীক্ষা চালানো হচ্ছে।
রাজ্যের মুখ্য বন্যপ্রাণ সংরক্ষক (সিডব্লুএলডব্লু) সন্দীপ সুন্দ্রিয়াল জানিয়েছেন, বাদুড় ধরতে বনদপ্তরের অনুমতি প্রয়োজন হয়। স্বাস্থ্যদপ্তর অনুমতি চাইলে বনদপ্তর তা দেয়। এরপর বিশেষজ্ঞরা বিভিন্ন এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করছেন।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আগাম সতর্কতা নিয়েছে বলে জানিয়েছে বনদপ্তর। তাই এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন ধরে চিড়িয়াখানায় নমুনা সংগ্রহের কাজ চলে। সকাল ৯টায় দর্শকদের জন্য চিড়িয়াখানার গেট খোলার আগেই কাজ শেষ করে বেরিয়ে যান বিশেষজ্ঞরা।
আলিপুর চিড়িয়াখানার বাদুড়রা নিপা ভাইরাসে আক্রান্ত কি না, তা জানতে আরও কয়েকদিন সময় লাগবে। আজ শনিবার বিশেষজ্ঞদের দল নদিয়া জেলায় বাদুড়ের নমুনা সংগ্রহ করতে যাচ্ছে।
