আজকের দিনেগ্রীন রুম

চলতি সপ্তাহে ওটিটি মাতাচ্ছে এই ৪টি বিগ বাজেট সিরিজ়!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- চলতি সপ্তাহে ওটিটির পর্দায় বিনোদনের স্বাদ বদলাতে চলেছে। বেশ লম্বা সময় পর এই প্রথম এমন একটা সপ্তাহ কাটবে, যেখানে ওটিটিতে নতুন কোনো বড় সিনেমার রিলিজ নেই, এমনকি নেই কোনো নতুন বাংলা সিরিজ়ের দেখাও। তবে মন খারাপের কারণ নেই, কারণ দর্শকদের ড্রামা, থ্রিলার আর রিয়ালিটি শো-এর ডোজ দিতে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ হাই-ভোল্টেজ সিরিজ়।

চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সেরা ওটিটি রিলিজের তালিকা:

১. সিস্টেম (অ্যামাজ়ন প্রাইম)

বিয়ের পর ফের ওটিটির পর্দায় কামব্যাক করছেন সোনাক্ষী সিন্‌হা। ‘দহাড়’-এর সাফল্যের পর এবার তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে— এই প্রথমবার তিনি পর্দায় আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। এটি একটি টানটান কোর্টরুম ড্রামা, যেখানে সোনাক্ষীর পাশাপাশি স্ক্রিন শেয়ার করেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা এবং পরিচালক-অভিনেতা আশুতোষ গোয়াড়েকর। আইনি ব্যবস্থার ভিতরের দুর্নীতির বিরুদ্ধে সোনাক্ষীর লড়াইয়ের গল্প বলবে এই সিরিজ়।

২. দেশি ব্লিং (নেটফ্লিক্স)

দুবাইয়ের বিলাসবহুল জীবনযাপন এবং সেখানকার অভিজাত ভারতীয় প্রবাসীদের অন্দরের গল্প নিয়ে আসছে এই রিয়ালিটি সিরিজ়। হাই-প্রোফাইল পরিবারের দ্বন্দ্ব, জাঁকজমক আর ড্রামায় ভরপুর এই শো-এর মূল আকর্ষণ ছোটপর্দার জনপ্রিয় জুটি করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ। গত কয়েক বছর ধরে তাঁদের বিয়ে নিয়ে বলিপাড়ায় জল্পনার শেষ নেই। গুঞ্জন রয়েছে, এই শো-এর মাধ্যমেই নাকি নিজেদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ঘোষণা করতে পারেন এই তারকা জুটি!

৩. সতরঙ্গি: বদলে কা খেল (জ়ি ফাইভ)

প্রতিশোধের গল্প পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য একদম পারফেক্ট এই হিন্দি থ্রিলার সিরিজ়। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাবলু মাহাতো নামের এক শিল্পী। একদিকে তাঁর প্রয়াত বাবার রেখে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াই, অন্যদিকে একটি অত্যন্ত প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে তাঁর নিখুঁত প্রতিশোধের ছক— এই দুই নিয়েই এগোবে সিরিজ়ের টানটান চিত্রনাট্য।

৪. মধু বিহু (সোনি লাইভ)

যাঁরা একটু হালকা চালের বিনোদন খুঁজছেন, তাঁদের জন্য আসছে মলয়ালম ভাষার এই কমেডি-ড্রামা সিরিজ়টি। অভিনয়ে রয়েছেন শরফউদ্দীন এবং কল্যাণী পানিকেট। গল্পের নায়ক তাঁর পরিবারের অদ্ভুত ও বিশৃঙ্খল পরিবেশের কারণে কিছুতেই নিজের জন্য পাত্রী খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত নানা মজার ঘটনার মধ্য দিয়ে তিনি কীভাবে নিজের জীবনসঙ্গিনীকে খুঁজে পাবেন, তা নিয়েই এই সিরিজ়। আগামী ২২ মে থেকে সোনি লাইভ-এ এর স্ট্রিমিং শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *