আজকের দিনেবিশ্ব

অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের হামলা,মৃত ৩

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকবাজের হামলায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন মহিলা এবং একজন পুরুষ। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বিকেল প্রায় ৪টা ৪০ মিনিট নাগাদ লেক কারজেলিগো শহরের ইয়েলকিন স্ট্রিটের কাছে ওয়াকার স্ট্রিট এলাকায় গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি পরিষেবা এবং সেন্ট্রাল ওয়েস্ট পুলিশ ডিস্ট্রিক্টের আধিকারিকরা। এই ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের কাজ চলছে। নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা লেক কারজেলিগো শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ শহরের বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠিয়ে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আততায়ী এখনও ধরা পড়েনি, তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এলাকার সংসদ সদস্য রয় বাটলারও সাধারণ মানুষকে বাইরে না বেরোতে অনুরোধ করেছেন। তিনি বলেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তিনি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *