আজকের দিনেবিশ্ব

গরু কি শুধু মূর্খ প্রাণী? অস্ট্রিয়ার ‘ভেরোনিকা’ বদলে দিল ধারণা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গরু মানেই বোকা এমন ধারণা আমাদের সমাজে বহুদিনের। কাউকে অপদার্থ বোঝাতে আজও গালাগালির ভাষায় উঠে আসে ‘গরু’ শব্দটি। কিন্তু অস্ট্রিয়ার একটি গরু সেই প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ জানাল।


অস্ট্রিয়ার ভিয়েনা ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি মেডিসিনের গবেষকদের নজরে এসেছে ‘ভেরোনিকা’ নামের একটি গোরু, যার আচরণ দেখে কার্যত হতবাক বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গিয়েছে, ভেরোনিকা নিজের শরীর চুলকোনোর জন্য লাঠি ও ঝাঁটার মতো বস্তু ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, শরীরের কোন অংশে চুলকোচ্ছে তার উপর ভিত্তি করে সে একই জিনিসকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করে।

গবেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, পিঠের মতো শক্ত জায়গা চুলকোনোর সময় ভেরোনিকা ঝাঁটার কাঠি বা লাঠির ছুঁচলো অংশ ব্যবহার করে। আবার পেট বা শরীরের নরম অংশে চুলকোতে গেলে সে লাঠির হাতলের দিক ব্যবহার করে, যাতে চাপ কম পড়ে। অর্থাৎ, নিজের প্রয়োজনে সে ‘টুল’ বা সরঞ্জাম বেছে নেওয়ার বুদ্ধিমত্তা দেখিয়েছে।

ভিয়েনা ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি মেডিসিনের গবেষক ড. আন্তোনিও ওসুনা-মাসকারো জানিয়েছেন, এই আচরণ অত্যন্ত বিরল। তাঁর কথায়, “দশ হাজার বছর ধরে গোরু মানুষের সঙ্গে সহাবস্থান করছে। কিন্তু একটি গরু যে একই বস্তু একাধিক উদ্দেশ্যে সচেতনভাবে ব্যবহার করতে পারে, এমন নজির আগে পাওয়া যায়নি।” তিনি আরও জানান, এতদিন পর্যন্ত এমন বুদ্ধিদীপ্ত টুল ব্যবহারের উদাহরণ মূলত শিম্পাজির মধ্যেই দেখা গিয়েছিল।
উল্লেখযোগ্যভাবে, শিম্পাজিরা লাঠি ব্যবহার করে পিঁপড়ে বা উইপোকা সংগ্রহ করে এবং পাথর দিয়ে বাদাম ফাটায়। সেই তালিকায় এবার যুক্ত হল গোরুর নামও।

ভেরোনিকার মালিক উইটগার ভিগেল পেশায় একজন কৃষক। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “প্রকৃতিকে যত বেশি সম্মান করা হবে, মানুষ তত বেশি উপকৃত হবে। প্রকৃতির মধ্যেই সব সম্ভাবনা লুকিয়ে রয়েছে।” গবেষকদের একাংশের মতে, এই ঘটনা প্রমাণ করে দেয় গোরু সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা সম্পূর্ণ সঠিক নয়। যথাযথ পরিবেশ ও সুযোগ পেলে গোরুর বুদ্ধিমত্তার আরও নানা দিক সামনে আসতে পারে।
এই আবিষ্কারের পর নতুন করে প্রশ্ন উঠছে গরু কি আদৌ ‘মূর্খ’ প্রাণী? অন্তত অস্ট্রিয়ার ভেরোনিকা সেই প্রশ্নের জবাব নতুন করে ভাবতে বাধ্য করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *