আজকের দিনেবাংলার আয়না

TARAPITH TEMPLE: ৪০ দিন পর গর্ভগৃহে ফিরছেন মা তারা, লক্ষ্মীরূপে পুজো তারাপীঠে

কিউ ইন্ডিয়া বাংলা, তারাপীঠ :- শুক্ল চতুর্দশী তিথিতে (TARAPITH TEMPLE)  মা তারার আবির্ভাব দিবসকে ঘিরে উৎসবমুখর তারাপীঠ। রাত থেকেই মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমেছে। প্রায় ৪০ দিন পর নিজের মূল গর্ভগৃহে ফিরছেন আরাধ্যা দেবী। এই উপলক্ষ্যে লক্ষ্মীরূপে পূজিতা হবেন মা তারা, আর দিনভর উপবাসে থাকবেন তারাপীঠের বাসিন্দা ও সেবায়েতরা (TARAPITH TEMPLE) ।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই শুক্ল চতুর্দশী তিথিতেই জয়দত্ত সওদাগর শ্মশান থেকে মা তারাকে এনে প্রতিষ্ঠা করেছিলেন। সেই ঐতিহ্য মেনেই প্রতি বছর এই দিনটি আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় (TARAPITH TEMPLE)।

গত ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার পর মন্দিরের মূল গর্ভগৃহে সংস্কারের কাজ শুরু হওয়ায় মা তারাকে সরিয়ে মন্দিরের সামনের শিবমন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চলছিল নিত্যপুজো ও দর্শন। মহালয়া এবং দুর্গাপুজোর ষষ্ঠীতে দেবীকে ফেরানোর পরিকল্পনা থাকলেও কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি।

রীতি মেনে আজ রাত তিনটেয় মা তারাকে শিবমন্দির থেকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হয়েছে। সারাদিন সেখানেই অধিষ্ঠান করবেন দেবী, সেখানেই দর্শন করছেন ভক্তরা। এই সময় গর্ভগৃহে না থাকায় দেবীকে অন্নভোগ নিবেদন করা হয় না এবং মন্দিরের সেবায়েত সহ এলাকার বাসিন্দারা উপবাস পালন করেন।

সন্ধ্যারতি শেষে দেবীকে ফের মূল গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে। এরপর লক্ষ্মীরূপে বিশেষ পুজো ও কোজাগরী পূর্ণিমার আরতি সম্পন্ন হবে। রাজবেশে সাজবেন মা তারা। পুজো শেষে খিচুড়ি, পাঁচ রকম ভাজা, মিষ্টি ও পরমান্ন দিয়ে ভোগ নিবেদনের পরই উপবাস ভঙ্গ করবেন সকলে।

প্রায় দেড় মাস পর দেবী নিজের ঘরে ফেরায় ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ। ভিড় সামলাতে মন্দির কমিটি ও পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *