SANDIP GHOSH : সুপ্রিম কোর্টে জামিন সন্দীপ ঘোষের, পুজোর আগেই জেলমুক্তি?
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- দু’বছর পর অবশেষে স্বস্তি (SANDIP GHOSH)। আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (SANDIP GHOSH) । পুজোর সময়ই এই রায়ে স্বভাবতই বড় স্বস্তি মিলল তাঁর।
শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ তাঁর (SANDIP GHOSH) জামিন মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে। সব ঠিক থাকলে পুজোর মধ্যেই জেলমুক্ত হতে পারবেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। সূত্রের খবর, এই মামলায় বিচার প্রক্রিয়ায় ধীর গতির যুক্তিতেই জামিন মিলল প্রাক্তন অধ্যক্ষের।
২০২৪ সালের আগস্টে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী গবেষক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার পরপরই সামনে আসে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। হাসপাতালের মধ্যে এমন নৃশংস ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। পিঠ বাঁচাতে সেসময় অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। কিন্তু তাতেও রেহাই মেলেনি।
হাসপাতালের মধ্যে এমন নৃশংস ঘটনার প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে সন্দীপবাবুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ২ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি।
এই মামলায় হাই কোর্ট বিচারের স্বার্থে তাঁর জামিন মঞ্জুর করেনি। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। শুক্রবার তাতেই স্বস্তি মিলল।
আদালতের পর্যবেক্ষণ, দু’বছরেরও বেশি সময় জেলবন্দি সন্দীপ ঘোষ। অথচ তাঁর বিরুদ্ধে ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাতজনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। বিচার প্রক্রিয়ার এই ধীর গতির কথা মাথায় রেখে সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করা হচ্ছে।
অর্থাৎ কলকাতা হাই কোর্ট যে জামিনের বিরোধিতা করেছিল, তা খারিজ করে ষষ্ঠীতে সুপ্রিম কোর্ট তাঁকে স্বস্তি দিল। পুজোর আগেই জেল থেকে মুক্তি পেতে চলেছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ।
