CFL CHAMPION MOHUNBAGAN : রুদ্ধশ্বাস খেতাবি লড়াই! ১০ জনে মহামেডানকে হারিয়ে ৮ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– কলকাতা লিগে নাটকীয় প্রত্যাবর্তন (CFL CHAMPION MOHUNBAGAN)। পিছিয়ে পড়েও, ১০ জন হয়ে যাওয়া সত্ত্বেও মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে ৮ বছর পর খেতাব জিতল মোহনবাগান (CFL CHAMPION MOHUNBAGAN)। বাগানের জয়ে কোল ইন্ডিয়াকে ৭ গোলে হারিয়েও ট্রফি হাতছাড়া ইস্টবেঙ্গলের।
বারাসত স্টেডিয়ামে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাস্তব রায়ের মোহনবাগান (CFL CHAMPION MOHUNBAGAN)। ম্যাচের ৭ মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন সাহাল আব্দুল সামাদ, কিন্তু মহামেডানের গোলরক্ষক তা রুখে দেন। ৯ মিনিটে কিয়ান নাসিরির বাড়ানো ক্রস থেকে ফের সুযোগ নষ্ট করেন সাহাল। ১৬ মিনিটে বাঁ-দিক থেকে আসা ক্রসে শুধু পা ছোঁয়ালেই গোল হতো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হন তিনি।অবশেষে ২৬ মিনিটে ডেডলক ভাঙে। লালিয়ানজুয়ালা ছাংতের মাপা ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে বাগানকে ১-০ এগিয়ে দেন সাহাল। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে মহামেডান। ৪২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল তুলে নেয় তারা। থাংখিমার পাস থেকে ডান পায়ের জোরালো শটে গোলরক্ষক দীপ্রভাতকে পরাস্ত করেন লালরেমসাঙ্গা। ১-১ স্কোরে বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধের শুরুতেই দীপক টাংরিকে তুলে অভিষেক সিংকে নামান মোহনবাগান কোচ। ৫৪ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। ৫৯ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। মহামেডানের লালরেমসাঙ্গাকে বক্সের মধ্যে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বাগান গোলরক্ষক দীপ্রভাত। ১০ জনে হয়ে যায় মোহনবাগান।পেনাল্টি থেকে ৬৩ মিনিটে মহামেডানকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মহিতোষ রায়। তখন মনে হচ্ছিল ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু এখান থেকেই হার না মানা লড়াই শুরু করে সবুজ-মেরুন। ৭০ মিনিটে দুরন্ত শটে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান সাহাল। ম্যাচের রং বদলে যায় ৭৩ মিনিটে। তরুণ সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে ৩-২ করে মোহনবাগান। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে তারা।
এই জয়ের ফলে অন্য ম্যাচের ফলাফল গুরুত্বহীন হয়ে যায়। ভবানীপুর-ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলল সবুজ-মেরুন ব্রিগেড।
