সরস্বতী পুজোর আগেই মহার্ঘ গাঁদা
কিউ ইন্ডিয়া বাংলা:- সামনেই সরস্বতী পুজো। বিদ্যার দেবী বাগদেবীর আরাধনার আগে থেকেই অগ্নিমূল্য গাঁদাফুল। শীতের মরশুমে তাপমাত্রার হেরফেরের জেরে ফুল উৎপাদন কিছুটা ব্যাহত হওয়াতেই বাজারে এই মূল্যবৃদ্ধি বলে মত ফুলচাষি ও বিশেষজ্ঞদের।
সরস্বতী পুজোয় গাঁদাফুলের চাহিদা প্রতি বছরই তুঙ্গে থাকে। তার সঙ্গে যুক্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দিন। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই সব কারণেই জানুয়ারির শেষ ভাগে ফুলবাজারে চাহিদা থাকে চোখে পড়ার মতো। এবছর পরিস্থিতি আরও ব্যতিক্রমী। কারণ, ২৩ জানুয়ারিতেই একসঙ্গে পড়েছে নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো। ফলে চাহিদা বেড়েছে কয়েকগুণ। তার প্রভাব পড়েছে দামেও।
কোলাঘাটের পাইকারি বাজার থেকে হাওড়া মল্লিকঘাট ফুলবাজারে গাঁদা ঢুকতেই দাম একলাফে তিনগুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে। সাধারণত যেখানে কমলা গাঁদার দাম থাকে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা, সেখানে এখন লাল গাঁদা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। সরস্বতী পুজোয় সবচেয়ে বেশি ব্যবহৃত হলুদ গাঁদার দামও ছুঁয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি, যা সাধারণ সময়ে থাকে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে।
শুধু গাঁদা নয়, অন্যান্য ফুলের দামও ঊর্ধ্বমুখী। রজনীগন্ধা, যা সাধারণত ২০–২৫ টাকা কেজি দরে বিক্রি হয়, এখন তা ৭০ থেকে ৮০ টাকায় পৌঁছেছে। চিনা গাঁদার দাম ৩৫–৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০–৭০ টাকা কেজি। সরস্বতী পুজোয় চাহিদাসম্পন্ন চেরি ফুলের দামও প্রায় তিনগুণ—৫০ টাকার জায়গায় এখন ১২০ থেকে ১৫০ টাকা কেজি।
এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, এবছর বড় কোনও প্রাকৃতিক দুর্যোগ হয়নি। শীতের বৃষ্টিও হয়নি। ফলে ফুলের উৎপাদন মোটের উপর ভালোই হয়েছে এবং বাজারে জোগানেরও ঘাটতি নেই। তবু চাহিদার চাপেই ফুলবাজারে লাগাম টানা যাচ্ছে না। মল্লিকঘাট থেকে শহর ও শহরতলির খুচরো বাজারে সেই মূল্যবৃদ্ধির আঁচ স্পষ্ট।
সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন,
“এই সময় গাঁদাফুলের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি থাকে। তার উপর বিয়ের মরশুম শুরু হওয়ায় গোলাপ ও রজনীগন্ধার দামও বাড়ে। তবে এবার ফুলের জোগান ভালো থাকায় দাম খুব বেশি বাড়বে না বলেই আশা করছি।”
তবে খুচরো বিক্রেতাদের আশঙ্কা অন্য জায়গায়। তাঁদের মতে, পুজোর দিনে দাম আরও দ্বিগুণ হতে পারে। ক্রেতাদের প্রশ্ন, সরস্বতী পুজোর আগেই যদি ফুলের এমন অবস্থা হয়, তাহলে পুজোর দিনে দাম কোথায় গিয়ে দাঁড়াবে? সব মিলিয়ে, এবছর বাগদেবীর আরাধনায় পকেটে লক্ষ্মীর টান পড়বে বলেই মনে করছেন সাধারণ মানুষ।
