OMAR ABDULLA : বন্দে মাতরম বিতর্কে কংগ্রেসকে পালটা ওমরের – ‘কাশ্মীরিদের জেলে পচাতে চাইছে কংগ্রেস!’
কিউ ইন্ডিয়া বাংলা, শ্রীনগর :- শ্রীনগর চলচ্চিত্র উৎসবে পূর্ণ বন্দে মাতরম গাওয়া নিয়ে ইন্ডিয়া জোটে বড় ফাটল। শরিক NC-কে বিঁধেছিল কংগ্রেস, এবার পালটা জবাব দিলেন ওমর আবদুল্লা (OMAR ABDULLA)।
প্রসঙ্গত,গত সোমবার জম্মু ও কাশ্মীর চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (OMAR ABDULLA) এবং তাঁর বাবা ফারুক আবদুল্লার উপস্থিতিতে বন্দে মাতরমের পূর্ণ সংস্করণ গাওয়া হয়। রীতি মেনে ৩ মিনিট ১০ সেকেন্ড দাঁড়িয়ে সেই গানকে সম্মান জানান ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতারা। যদিও তাঁরা গানটি গাননি।
এই ঘটনায় তীব্র আপত্তি জানায় কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণটি স্বাধীনতা সংগ্রামীদের সমন্বয়বাদী ও বহুত্ববাদী আদর্শের সঙ্গে খাপ খায় না। মহাত্মা গান্ধী, নেহরু, প্যাটেল, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিবেচনায় সংক্ষিপ্ত সংস্করণেই সিলমোহর দেওয়া হয়েছিল। তাই NC-র উচিত সংক্ষিপ্ত সংস্করণ মেনে চলা।
এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ওমর আবদুল্লা (OMAR ABDULLA) । তাঁর সাফ বক্তব্য, ওটা সরকারি অনুষ্ঠান ছিল। কেন্দ্র সংসদে যে আইন পাশ করিয়েছে, তা সরকারি অনুষ্ঠানে মানতে আমরা বাধ্য। সংসদে পাশ হওয়া আইন গোটা দেশের সঙ্গে কাশ্মীরেও কার্যকর হয়। না মানলে জেলে যেতে হবে।
ওমর আরও বলেন, দল হিসাবে ন্যাশনাল কনফারেন্স কোনওদিন পূর্ণ বন্দে মাতরমের পক্ষে নয়। কিন্তু এই সামান্য বিষয়ের জন্য আমরা জেল যেতেও রাজি নই। কংগ্রেস কি চায় কাশ্মীরিরা জেলে যাক?
