দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধনে প্রধানমন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা :- দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মালদহ স্টেশন থেকে এই প্রিমিয়াম ট্রেনের সূচনা হওয়ার কথা। উদ্বোধন ঘিরে সম্ভাব্য অশান্তির আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। সেই কারণেই কালিয়াচক থানার আইসিকে আগাম চিঠি পাঠানো হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, মালদহ-সহ একাধিক এলাকায় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে পাথর ছোড়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি মালদহ, জমিরঘাটা, খালতিপুর, ছামাগ্রাম, শঙ্কপাড়া, নিউ ফারাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর ও তিলডাঙা এলাকায় প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেছে আরপিএফ। তাই গোটা রুট জুড়ে নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করার আর্জি জানানো হয়েছে।
এইক্ষেত্রে উল্লেখ্য, ২০২৩ সালে মাত্র ৯ দিনের মধ্যে চারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে রেলমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সপ্তাহে ছ’দিন চলবে। হাওড়া থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে যাত্রা শুরু করে ট্রেনটি পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে। কামাখ্যা থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। অন্যান্য ট্রেনের তুলনায় এই রুটে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কম লাগবে বলে দাবি রেলের।
দীর্ঘ এই যাত্রাপথে মোট ১৩টি স্টেশনে থামবে ট্রেনটি। ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদহ টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া হয়ে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন। কামাখ্যা থেকে ফেরার পথেও একই স্টেশনগুলিতে স্টপেজ থাকবে। তবে কামাখ্যা থেকে বুধবার এবং হাওড়া থেকে বৃহস্পতিবার ট্রেনটি চলবে না।
দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন হিসেবে পরিচিত বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই রেল পরিষেবায় গতি এনেছে। এবার দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারতের স্লিপার সংস্করণ চালু হতে চলেছে। ১৬ কোচের এই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে থাকবে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি সেকেন্ড টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ। একসঙ্গে ৮০০ জনেরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন।
রেল সূত্রে জানা গিয়েছে, খাবার খরচ-সহ থার্ড এসির ভাড়া প্রায় ২,৩০০ টাকা, সেকেন্ড এসি ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি ৩,৬০০ টাকা। এছাড়াও কবচ, এমার্জেন্সি টক-ব্যাক সিস্টেমসহ অত্যাধুনিক নিরাপত্তা ও যাত্রী পরিষেবা থাকবে এই ট্রেনে।
