High Alert In North Sikkim : উত্তর সিকিমে বিরাট ভূমিধসে অবরুদ্ধ তিস্তা, হড়পা বানের আশঙ্কা! জারি হাই অ্যালার্ট !
কিউ ইন্ডিয়া বাংলা, নর্থ সিকিম :- শনিবার গভীর রাতে উত্তর সিকিমের মঙ্গন জেলায় ভয়াবহ ভূমিধস। তিস্তা ও চ্যাকুং নদীর সঙ্গমস্থলের কাছে নাগা জঙ্গল এলাকায় পাহাড়ের বিরাট অংশ ধসে পড়ে নদীর গতিপথ আংশিক অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে সিকিম জুড়ে জারি চরম সতর্কতা।(High Alert In North Sikkim)
স্থানীয় জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘নাগা-তোসা রোড’-এর নতুন রাস্তা তৈরির জন্য পাহাড় কাটার কাজ চলছিল। থেং টানেলের উল্টো দিকে কাটা পাহাড়ের ঢালের বড় অংশ হঠাৎই ভয়ঙ্কর শব্দে ধসে পড়ে। এর ফলে তিস্তা ও চ্যাকুং নদীতে জল জমতে শুরু করে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়।
বর্তমানে নদী দুটি আংশিকভাবে প্রবাহিত হলেও তিস্তা দিয়ে ঘোলা জল বইছে। সঙ্কলং ও ফিডাং অবজারভেশন পয়েন্টে জলের স্তর স্বাভাবিক থাকলেও ঘোলাটে ভাব রয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। পুলিশ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জলের স্তরের উপর কড়া নজরদারি চলছে।(High Alert In North Sikkim)
প্রশাসনের আশঙ্কা, ভূমিধসে তৈরি হওয়া প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে হঠাৎ বিপুল জলরাশি নিচের দিকে আছড়ে পড়তে পারে। এর প্রভাব পড়তে পারে সিকিমের তিনটেক ছাড়াও কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়িতে। তাই নদী তীরবর্তী বাসিন্দা, শ্রমিক, মৎস্যজীবী ও চালকদের নদী থেকে দূরে থাকতে, মাছ ধরা বন্ধ রাখতে এবং ঝুলন্ত সেতু এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে মাইকে চলছে প্রচার।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সতর্ক থাকলেও আতঙ্ক বাড়ছে ভাটির এলাকাগুলিতে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকলকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন।(High Alert In North Sikkim)
