আজকের দিনেবিজ্ঞানভারত

GSLV-F17 : ব্যর্থতা ঝেড়ে মহাকাশে সফল ইসরো, কক্ষপথে স্থাপিত হল ‘আকাশ-চোখ’ EOS-05

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বছরের শুরুতে বড় ধাক্কা খেয়েছিল ইসরো। পিএসএলভি-সি৬২ রকেটের ব্যর্থতায় মহাকাশে চিরতরে হারিয়ে যায় ১৬টি উপগ্রহ। সেই ধাক্কা সামলে দারুণ কামব্যাক করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। শুক্রবার ভোররাতে সফলভাবে GSLV-F17 / EOS-05-এর উৎক্ষেপণ করল ইসরো। (GSLV-F17)

শুক্রবার ভোররাত ২.৫৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হয় রকেটটির। উৎক্ষেপণের মাত্র ১৯ মিনিটের মধ্যেই সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায় EOS-05।

ইসরোর এই মিশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রথমবার জিওসিনক্রোনাস অরবিট থেকে পৃথিবী পর্যবেক্ষণ করবে ভারতীয় স্যাটেলাইট। পৃথিবী থেকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উপরে থেকে একটানা ভারতের উপর নজর রাখবে এই ‘আই অফ দ্য স্কাই’। প্রায় আড়াই হাজার কেজি ওজনের এই স্যাটেলাইটটি সম্ভবত ভারতের তৈরি সবচেয়ে ভারী আর্থ অবজারভেশন স্যাটেলাইট। (GSLV-F17)

এই উপগ্রহটি সাধারণ স্যাটেলাইটের মতো স্থির ছবি নয়, বরং নানা কোণ থেকে পৃথিবীর রিয়েল টাইম ছবি তুলতে সক্ষম। এর ফলে প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা, ঘূর্ণিঝড় বা ধসের আগাম সংকেত অনেক দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে, সীমান্তে নজরদারি, কৃষি ক্ষেত্রের ফসলের অবস্থা এবং আবহাওয়ার নির্ভুল পূর্বাভাসের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে EOS-05।

উল্লেখ্য, বিজ্ঞানমহলে GSLV রকেটটি ‘নটি বয়’ নামে পরিচিত, কারণ এর সাফল্যের হার তুলনামূলক কম। এর আগে ১৯টি উৎক্ষেপণের মধ্যে ৬ বার ব্যর্থ হয়েছিল এই রকেট। সেই কারণে বছরের শুরুতে ব্যর্থতার পর ইসরোর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে এই ‘নটি বয়’-এর হাত ধরেই ফের সাফল্যের মুখ দেখল ইসরো। (GSLV-F17)

ইসরোর এই ভূয়সী সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইসরোর মুকুটে নতুন পালক জুড়ল, যা গোটা দেশের কাছে গর্বের মুহূর্ত। কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী জিতেন্দ্র সিংও মহাকাশ গবেষণা সংস্থাকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *