ISRO : গগনযানের শেষ ধাপে ইসরো! ৪ মাসের মধ্যেই মহাকাশে যাচ্ছে চালকহীন রকেট !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্ন পূরণের একেবারে শেষ ধাপে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী ৪ মাসের মধ্যেই মহাকাশে পাড়ি দিতে চলেছে গগনযান অভিযানের প্রথম চালকহীন রকেট। আহমেদাবাদে জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে এমনটাই জানালেন ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন।(ISRO)
২০১৮ সালের ১৫ আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রথমবার মহাকাশে মানুষ পাঠানোর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে দিনরাত এক করে কাজ করছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরো চেয়ারম্যান জানান, মহাকাশচারীদের নিরাপদে মহাকাশে পাঠানো ও ফিরিয়ে আনা এক বিরাট চ্যালেঞ্জ, যার জন্য ইতিমধ্যেই ৮ হাজারের বেশি ছোট-বড় পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, চূড়ান্ত পদক্ষেপের আগে অন্তত ৩টি চালকহীন মিশন সম্পন্ন করা হবে। আগামী ৪ মাসের মধ্যে যে চালকহীন রকেটটি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে, তার মূল উদ্দেশ্য হল মহাকাশচারী ছাড়া একটি হিউম্যান-রেটেড রকেট ও ক্রু মডিউলকে শূন্যে পাঠিয়ে পরীক্ষা করা। সেখানে দেখা হবে সেটি জীবনদায়ী পরিবেশ, স্বয়ংক্রিয় মোড এবং পৃথিবীতে ফিরে আসার সমস্ত সুরক্ষামূলক শর্ত ঠিকঠাক পূরণ করছে কি না।(ISRO)
এর পাশাপাশি তিনি জানান, চলতি অর্থবর্ষেই ৮টি রকেট ও ১২টি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইসরো, যার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন ও আবহাওয়া পর্যবেক্ষণ-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। মহাকাশ গবেষণায় কেন্দ্রের সংস্কার নীতির প্রশংসা করে তিনি বলেন, গত ৬৪ বছরে ভারত মাত্র ৫৬টি স্পেস অ্যাসেট তৈরি করলেও আগামী ৫ বছরে ২০০ থেকে ৩০০টি নতুন স্যাটেলাইট প্রয়োজন, যার জন্য বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ জরুরি।
সব পরীক্ষা সফল হলে খুব শীঘ্রই ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান গগনযান বাস্তবায়িত হবে, যা ভারতকে মহাকাশ গবেষণায় এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।(ISRO)
