UTTAR PRADESH : বাবার মৃত্যুতে শোক নয়, সম্পত্তি! মৃতদেহের আঙুলের ছাপ নিয়েই জমি হাতানোর চেষ্টা ত্যাজ্য ছেলের
কিউ ইন্ডিয়া বাংলা, উত্তরপ্রদেশ :- বাবা মারা গেছেন। শোকের বদলে মাথায় একটাই চিন্তা – সম্পত্তি। উত্তরপ্রদেশের (UTTAR PRADESH) এক ব্যক্তি যা করলেন তা শুনলে গা শিউরে উঠবে। মৃত বাবার দেহ মাটিতে শোয়ানো। আর সেই দেহ থেকেই আঙুলের ছাপ তুলে সাদা কাগজে সই করিয়ে নিলেন ছেলে। উদ্দেশ্য একটাই, বাবার সাড়ে ছ’বিঘা জমি নিজের নামে করা। ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় তোলপাড়।
ঘটনাটি উত্তরপ্রদেশের খারাউহা গ্রামের (UTTAR PRADESH)। মৃতের নাম ছত্রপাল, বয়স ৭৫। অভিযোগ, বিয়ের পর থেকেই ছেলে মহেন্দ্র ও পুত্রবধূ লক্ষ্মী বৃদ্ধ বাবা-মায়ের উপর অত্যাচার করতেন। একসময় বাড়ি থেকেই বের করে দেন তাঁদের।
অপমানে জর্জরিত ছত্রপাল মেয়ে সুমনের বাড়িতে আশ্রয় নেন (UTTAR PRADESH) । তখনই সিদ্ধান্ত নেন পুত্রকে ত্যাজ্য করার। সাড়ে ছ’বিঘা জমির মধ্যে ৩ বিঘা ৩ মেয়েকে দান করেন। সংবাদপত্রে নোটিস দিয়ে জানান, মহেন্দ্র ও লক্ষ্মী কোনও সম্পত্তি পাবেন না।
তারপরই ঘটে আসল ঘটনা।গত ৭ জুলাই আচমকা অসুস্থ হয়ে পড়েন ছত্রপাল। চিকিৎসার অজুহাতে তাঁকে বাড়িতে নিয়ে আসেন মহেন্দ্র। দু’দিন পরেই মৃত্যু হয় বৃদ্ধের।
মৃত্যুর পরই ভাইরাল হয় এক ভিডিও। তাতে দেখা যায়, বাবার মৃতদেহ মাটিতে শোয়ানো। সেই মৃতদেহের আঙুল ধরে একাধিক সাদা কাগজে টিপছাপ নিচ্ছেন মহেন্দ্র। অভিযোগ, বোনেরা যাতে জমির ভাগ না পায় তাই এই কাণ্ড।
বোনেরা প্রশ্ন তুলতেই তাঁদের হেনস্তা করেন মহেন্দ্র বলে অভিযোগ। ভিডিওটির সত্যতা এখনও যাচাই হয়নি। কিন্তু ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। প্রশ্ন একটাই, সম্পত্তির লোভে মানুষ কতটা নীচে নামতে পারে?
সম্পর্ক, মানবতা, শোক – সবকিছুকে ছাপিয়ে গেল লোভ। নিজের ত্যাজ্য বাবার মৃতদেহকেও হাতিয়ার বানাতে পিছপা হল না এক ছেলে। এই ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয়, সমাজের আয়নাও। টাকা আর জমির জন্য রক্তের সম্পর্কের কী দাম থাকে, সেই প্রশ্নই রেখে গেল খারাউহার এই ঘটনা।
