Made History : বিশ্বকাপ খেলাতে আমেরিকায় ঢুকতে দেননি ট্রাম্প, এবার ইতিহাস গড়লেন সেই রেফারি ওমর আর্তান !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বিশ্বকাপে রেফারি করার স্বপ্ন ভেঙে দিয়েছিল আমেরিকার অভিবাসন নীতি। মায়ামি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল সোমালিয়ার ওমর আবদুলকাদির আর্তানকে। এবার সেই ‘অন্যায়ে’র জবাব দিল উয়েফা। প্রথমবার ইউরোপের বাইরের কোনও রেফারি হিসেবে উয়েফা সুপার কাপ পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।
সোমালিয়ার ইতিহাসে প্রথম রেফারি হিসেবে ফুটবল বিশ্বকাপে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছিল ওমর আর্তানের কাছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির কারণে আমেরিকাতেই ঢুকতে পারেননি তিনি। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, বৈধ মার্কিন ভিসা এবং সোমালিয়ার কূটনৈতিক পাসপোর্ট থাকা সত্ত্বেও মায়ামি বিমানবন্দরে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে বন্দিদের কক্ষে আটকে রাখা হয়। কোনও স্পষ্ট কারণ না জানিয়েই পরে তুরস্কের ইস্তানবুলে ফেরত পাঠানো হয়।
দেশে ফেরার পর অবশ্য বীরের সম্মান পান ওমর। বিমানবন্দরে শত শত সমর্থক, ফুটবল ফেডারেশনের কর্তা এবং সরকারি প্রতিনিধিরা ব্যানার-স্লোগানে তাঁকে স্বাগত জানান। এরপরই তাঁর সঙ্গে যোগাযোগ করে উয়েফা। ফিফা এবং উয়েফার নিজেদের বিবাদের জেরে ফিফা যে ‘অন্যায়’ করেছে, তার পালটা হিসেবেই আর্তানকে পুরস্কৃত করতে চান উয়েফা কর্তারা।
ফলস্বরূপ বুধবার প্যারিস সাঁ জাঁ বনাম অ্যাস্টন ভিলার উয়েফা সুপার কাপ ম্যাচের দায়িত্বে থাকবেন ওমর। এর আগে যতবার সুপার কাপ হয়েছে, সবসময় ইউরোপের কোনও দেশের রেফারিই দায়িত্ব পেয়েছেন। ওমরই হবেন প্রথম ইউরোপের বাইরের রেফারি যিনি এই ম্যাচ পরিচালনা করবেন।
একদিকে বিশ্বকাপের দরজা বন্ধ, অন্যদিকে ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় মঞ্চের দরজা খুলে দিল উয়েফা। ওমর আবদুলকাদির আর্তানের এই উত্থান শুধু সোমালিয়ার জন্য নয়, গোটা আফ্রিকার ফুটবলের জন্যও ঐতিহাসিক। অপমানের জবাব তিনি দিলেন মাঠেই, ইতিহাস গড়ে।
