Government sticker : ব্যক্তিগত গাড়িতে সরকারি স্টিকার! পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে বিতর্ক !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের ব্যক্তিগত গাড়িতে ‘Government of West Bengal’ লেখা স্টিকার ব্যবহার ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
সম্প্রতি লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুর্নীতির অভিযোগে সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ হয়। সেই সময় মনুশ্রী মণ্ডল ফেসবুক লাইভে এসে দাবি করেন, তাঁর ‘Government of West Bengal’ লেখা গাড়িতে ইট ছোড়া হয়েছে। ওই লাইভ ভিডিও প্রকাশ্যে আসার পরই প্রশ্ন ওঠে, ব্যক্তিগত গাড়িতে কীভাবে সরকারি পরিচয়সূচক স্টিকার ব্যবহার করা হচ্ছে?
স্থানীয়দের একাংশের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী ব্যক্তিগত গাড়িতে সরকারি মনোগ্রাম বা বিভ্রান্তি সৃষ্টিকারী স্টিকার ব্যবহার করা যায় না। সাধারণত শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত ও অনুমোদিত গাড়িতেই পদমর্যাদার বোর্ড বা পরিচয় ব্যবহারের অনুমতি রয়েছে।
এ বিষয়ে মনুশ্রী মণ্ডল সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও ক্যামেরার সামনে মুখ খোলেননি। তবে মৌখিকভাবে তাঁরা জানিয়েছেন, ব্যক্তিগত গাড়িতে এ ধরনের সরকারি পরিচয় ব্যবহার বিধিসম্মত নয়।
রাজনৈতিক মহল ও সমাজকর্মীদের একাংশের অভিযোগ, সরকারি স্টিকার ব্যবহারের ফলে পুলিশি নজর এড়ানো বা পার্কিং-সহ বিভিন্ন ক্ষেত্রে অযাচিত সুবিধা নেওয়ার সুযোগ থাকে। যদিও এই অভিযোগের স্বপক্ষে নির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসীর একাংশ। তাঁদের বক্তব্য, সরকারি নিয়ম লঙ্ঘন প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আপাতত এই ইস্যুকে কেন্দ্র করে পাথরপ্রতিমায় রাজনৈতিক চর্চা তুঙ্গে।
