Weather : পিছু ছাড়ছে না দুর্যোগ, সোম থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে কমলা সতর্কতা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বঙ্গোপসাগরের নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই। সোমবার থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। অন্যদিকে উত্তরবঙ্গে অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন ছত্রিশগড়ের দিকে সরে গেছে। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় রাজ্যজুড়ে বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গ: আজ বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা। ৩০-৪০ কিমি বেগে দমকা বাতাসও বইতে পারে। শুক্র ও শনিবার বৃষ্টি কমবে। রবি-সোম বিক্ষিপ্ত বৃষ্টির পর মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কলকাতায় কয়েকদিন হালকা বৃষ্টি, সোমবার থেকে পরিমাণ বাড়বে। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
উত্তরবঙ্গ: বৃহস্পতি ও শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শনিবার উপরের ৫ জেলায় ভারী বৃষ্টি। রবি ও সোমবার ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি চলবে।
নিম্নচাপ চলে গেলেও মৌসুমী অক্ষরেখার জেরে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই। বিশেষ করে উত্তরবঙ্গের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। কলকাতাবাসীকে সোমবার থেকে ছাতা নিয়ে বেরোনোর পরামর্শ।
