Birbhum : মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি নগদ ও ১৫ কেজি সোনা, গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠের ম্যানেজার !
কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- বীরভূমের মহম্মদবাজারে ফের চাঞ্চল্য। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলের দোতলা বাড়ি থেকে রাতভর তল্লাশিতে উদ্ধার হল নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। ঘটনায় বৃহস্পতিবার সকালে মিনারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিল করে দেওয়া হয়েছে তাঁর বাড়ি।
বুধবার রাতে মহম্মদবাজার থানার ডেউচা বাস স্ট্যান্ডের পাশে মিনারের বাড়িতে হানা দেয় পুলিশ। সঙ্গে ছিল টাকা গোনার মেশিন। রাতভর চলা তল্লাশিতে মেলে টাকার স্তূপ ও সোনার গয়না।
পুলিশ সূত্রে খবর, ধৃত মিনার মণ্ডল একসময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চালক ছিলেন। বছর চারেক আগে স্বেচ্ছাবসর নিয়ে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু মণ্ডলের ডিসিআর গেটের দেখভালের দায়িত্ব নেন। রায়পুরের ডিসিআর গেটের দায়িত্বে ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর মিনারের ছেলের দাবি, “বাড়ি থেকে উদ্ধার হওয়া সব টাকা-সোনা টুলু মণ্ডলের। তিনিই এখানে রেখে গিয়েছিলেন।” তবে পুলিশ এই দাবি মানতে নারাজ। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ও সোনা।
এলাকায় মিনারের ‘ক্লিন ইমেজ’ ছিল। ছেলের ভাল চাকরি, মেয়ের বিয়ে শিক্ষকের সঙ্গে। কিন্তু ৪ বছরে কীভাবে এল এত সম্পত্তি তা নিয়ে উঠছে প্রশ্ন।
এই ঘটনায় ফের প্রশ্নের মুখে বীরভূমের পাথর ও বালি ব্যবসা। টাকা-সোনার উৎস কী? টুলু মণ্ডলের যোগ কতটা? পুলিশ এখন এই দুটি প্রশ্নেরই উত্তর খুঁজছে। তদন্তের স্বার্থে মিনারকে নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ।
