Cricket : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্ক রাহানে, ‘টুপি নম্বর ২৭৮’-এর ১৩ বছরের যাত্রার ইতি !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দীর্ঘ ৩ বছর জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজিঙ্ক রাহানে। ৩৮ বছর বয়সি এই ব্যাটারের সোশাল মিডিয়ায় আবেগী ভিডিও বার্তায় শেষ হল ‘টুপি নম্বর ২৭৮’-এর ১৩ বছরের যাত্রা।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওয় রাহানে বলেন, “সময়কে সম্মান করে এগিয়ে যেতে হয়। আমি ব্যাটিংয়ে সবসময় টাইমিংয়ে ভরসা করতাম। আজ আমার মনে হচ্ছে, এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানাচ্ছি।”
ডোমভিলির এক ছোট্ট বাচ্চা থেকে ভারতের হয়ে খেলার গল্প শোনান তিনি। ধন্যবাদ জানান বিসিসিআই, মুম্বই ক্রিকেট সংস্থা, সতীর্থ, কোচ ও স্ত্রী রাধিকাকে। “আমি সততার সঙ্গে ক্রিকেট খেলেছি। অনেক ম্যাচ হেরেছি, জিতেছি। কিন্তু খেলার প্রতি ভালোবাসা একই আছে” – বলেন রাহানে। শেষে আবেগ ধরে রাখতে পারেননি, কেঁদে ফেলেন।
পরিসংখ্যানে রাহানে: ৮৫টি টেস্টে ৫০৭৭ রান, গড় ৩৮, ১২টি সেঞ্চুরি। ৯০টি ওয়ানডেতে ২৯৬২ রান, ৩টি সেঞ্চুরি। ২০২০ সালে মেলবোর্নে ১১২ এবং ২০১৪ সালে লর্ডসে ১০৩ রানের ইনিংস আজও আইকনিক। তাঁর নেতৃত্বেই ৩৬ অলআউটের পর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাহানের যাত্রা চলবে। IPL-এ তিনি মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, রাইজিং পুনে সুপারজায়ান্ট, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি KKR-এর অধিনায়ক। তবে অবসরের বার্তায় তিনি IPL ক্যারিয়ার চালিয়ে যাবেন কি না সে বিষয়ে কিছু বলেননি।
“আমি যা শিখেছি, পরের প্রজন্মের উন্নতির চেষ্টা করব” – বলে ভবিষ্যতের ইঙ্গিত দিলেন রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটের পর্দা নামলেও ‘ক্লাসিক’ রাহানের গল্প শেষ হচ্ছে না। এখন নজর থাকবে তিনি IPL-এ কতদিন খেলেন এবং কোচিং কিংবা মেন্টরশিপের পথে হাঁটেন কি না।
