আজকের দিনেগ্রীন রুমবিশ্বভারত

IFFM Award : মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে তেরঙ্গা তুলবেন রেখা, ‘এক্সিলেন্স ইন সিনেমা’ সম্মানও পাবেন কিংবদন্তি অভিনেত্রী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মেলবোর্ন :- ভারতীয় সিনেমার চিরকালীন আইকন রেখা এবার মেলবোর্নের মঞ্চে। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন বা IFFM-এ বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন তিনি এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই সঙ্গে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে দেওয়া হবে ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’। উৎসবে প্রদর্শিত হবে তাঁর কালজয়ী ছবি ‘উমরাও জান’ও।

IFFM কর্তৃপক্ষ জানিয়েছে, রেখার মতো শিল্পী বিরল যাঁর উপস্থিতি শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয়, বরং গোটা জাতির সাংস্কৃতিক চেতনার অংশ হয়ে উঠেছে। উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিতু ভৌমিক ল্যাঞ্জ বলেন, “রেখাজির মার্জিত ব্যক্তিত্ব এবং দশকের পর দশক ধরে গড়ে ওঠা অতুলনীয় ঐতিহ্য শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে দর্শকদের অনুপ্রাণিত করেছে।”

সম্মান পাওয়ার খবরে আবেগপ্রবণ রেখা বলেন, “চলচ্চিত্র আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। IFFM-এ ‘এক্সিলেন্স ইন সিনেমা অ্যাওয়ার্ড’ পাওয়াটা সত্যিই বিশেষ প্রাপ্তি। আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। এটা কেবল আমার নিজের যাত্রার স্বীকৃতি নয়, বরং সেইসব চলচ্চিত্র নির্মাতা, লেখক, সঙ্গীতশিল্পী এবং অসংখ্য সহযোগীর প্রতিও শ্রদ্ধাঞ্জলি, যাঁরা আমার জীবনকে সমৃদ্ধ করেছেন।”

উৎসবে বিশেষভাবে প্রদর্শিত হবে 1981 সালের কালজয়ী ছবি ‘উমরাও জান’। এই চরিত্র নিয়ে রেখার কথায়, “‘উমরাও জান’ চরিত্রটি কখনওই আমাকে ছেড়ে যায়নি। সে আমার স্মৃতিতে, আমার নীরবতায় এবং সেই সব মানুষের হৃদয়ে বেঁচে আছে যাঁরা বছরের পর বছর ধরে তাকে অকৃত্রিম ভালোবাসায় আপন করে নিয়েছেন। বিশ্বমঞ্চে এই চলচ্চিত্রটিকে উদযাপিত হতে দেখা আমার জন্য অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা।”

‘সিলসিলা’, ‘খুবসুরত’, ‘মুকাদ্দার কা সিকন্দর’-এর মতো অসংখ্য ছবিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে আজ তিনি ভারতীয় চলচ্চিত্রের অবিসংবাদী নাম।

মেলবোর্নে তেরঙ্গা তোলা থেকে শুরু করে ‘উমরাও জান’-এর প্রদর্শনী – IFFM-এর এবারের আসর রেখাময় হয়ে উঠতে চলেছে। ভারতীয় সিনেমার গর্বকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও কালজয়ী শিল্পকে পৌঁছে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *